অসমের বরপেটায় দুর্ঘটনার শিকার বিএসএফের একটি বাস। জওয়ানদের নিয়ে ফেরার পথে ২৭ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩২ জন বিএসএফ জওয়ান। তাঁদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, বিএসএফের বাসটি ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে ধুবুবীর দিকে যাচ্ছিল। সেই সময় বরপেটার হাউলির কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। অভিঘাত একটাই জোরালো ছিল যে, বাস এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসে থাকা বিএসএফ জওয়ানেরা আহত হন। স্থানীয়েরাই তাঁদের উদ্ধারের ব্যবস্থা করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ এসেও উদ্ধারকাজে হাত লাগায়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আহত বিএসএফ জওয়ানদের বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিএসএফ জওয়ানদের বাসচালক সামসুল হকের মৃত্যু হয়েছে। তিনি গোয়ালপাড়া জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, কী ভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বিকট একটি শব্দ শুনতে পান তাঁরা। দেখেন একটি বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বাসের ভিতরে বিএসএফ জওয়ানেরা ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।