সম্পর্ক টেকেনি। তার পর প্রাক্তন প্রেমিকা হুমকি দিয়েছিলেন পুলিশ কেসে ফাঁসাবেন। সেই ভয় এবং আত্মগ্লানিতে ফ্ল্যাটের ১৩তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। এমনই অভিযোগ করলেন মৃতের মা। বস্তুত, ছেলে যখন দরজায় খিল দিয়ে জানলা দিয়ে ঝাঁপ দেন, তখন ফোনে ছেলের বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন প্রৌঢ়া।
রবিবার মুম্বই পুলিশের এক কর্তা জানিয়েছেন, বান্দ্রা এলাকায় ১৩তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ২৪ বছরের এক যুবক। পরিবারের অভিযোগ, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। তার মধ্যে প্রাক্তন প্রেমিকা তাঁকে সমস্ত কিছুর জন্য দুষেছেন। তিনি এবং তাঁর দিদি ওই যুবককে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন। তার জেরেই চূড়ান্ত পদক্ষেপ করেন যুবক।
গত ৬ অগস্ট মারা যান ওই যুবক। সম্প্রতি তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে দুই মহিলার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, নিহত যুবক থাকতেন বান্দ্রায়। পরিবারে বাবা-মা এবং ভাই রয়েছে। একটি আদালতে কেরানি ছিলেন যুবক।
মৃতের পরিবারের দাবি অনুযায়ী, সম্প্রতি মানসিক চাপে ভুগছিলেন যুবক। কী কারণে এমনটা হল, তার খোঁজ নিতে গিয়ে গত ৬ অগস্ট ছেলের দুই বন্ধুকে ফোন করেন মা। তাঁরা জানান, বেঙ্গালুরুতে পড়াশোনার সময় এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। পরে সম্পর্ক তিক্ত হয়। প্রাক্তন প্রেমিকা এবং তাঁর দিদি হুমকি দেওয়া শুরু করেন।
আরও পড়ুন:
ফোনে ওই কথা শুনে ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন মা। তিনি জানান, হ্যাঁ, সব সত্যি। অভিযোগ, তার পর সটান দরজা বন্ধ করে শোওয়ার ঘরের জানলা দিয়ে লাফ দেন তিনি। ফ্ল্যাটটি ১৩তলায়।
রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ছেলের মৃত্যুতে দুই মহিলাকে দুষে থানায় মামলা রুজু করেছেন মা। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।