বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। এ বার সেই নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মীদের জন্য বেঁধে দিলেন লক্ষ্যমাত্রা। প্রতিটি আসনে এসপি-র ভোট অন্তত ২৭ হাজার করে বৃদ্ধি করতে হবে। রবিবার লখনউ থেকে দলের সর্বস্তরে এই বার্তাই দিলেন অখিলেশ।
দলের উত্তরপ্রদেশ রাজ্য কমিটির প্রত্যেক সদস্যকে নিয়ে রবিবার বৈঠক সারেন এসপি প্রধান। ওই বৈঠকেই দলের নেতা-কর্মীদের উদ্দেশে আগামী নির্বাচনের লক্ষ্যমাত্রার কথা জানিয়ে দেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, “২০২৭ সালের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমাদের দলের ২৭,০০০ ভোট বাড়ানোর উদ্দেশ্যে আমরা কাজ চালিয়ে যাব। এর ফলে বিজেপিরও ২৭,০০০ ভোট আমরা কমিয়ে আনতে পারব।”
উত্তরপ্রদেশে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। সব ঠিক থাকলে আগামী বছরের মার্চের আশপাশে নির্বাচন হতে পারে উত্তরপ্রদেশে। হাতে আর মাস ছয়েক সময় রয়েছে। এ অবস্থায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের চাঙ্গা করতে বিধানসভা কেন্দ্রওয়াড়ি লক্ষ্যমাত্রা স্থির করলেন অখিলেশ। এসপি প্রধানের কথায়, “এই লক্ষ্যপূরণের জন্য আমাদের প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের কথা শুনতে হবে। তাঁদের অভাব-অভিযোগের বিষয়গুলি বুঝতে হবে। তাঁরা যাঁদের যথাযত সম্মান পান, ন্যায়বিচার পান, তা নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুন:
আসন্ন নির্বাচনে অন্তত ২৫০টি আসন পাওয়ার লক্ষ্যে এগোতে চাইছে অখিলেশের দল। ইতিমধ্যেই ব্লক স্তরে ‘পিডিএ’ (পিছড়ে বর্গ, দলিত ও সংখ্যালঘু) সম্মেলন শুরু করেছে। পাশাপাশি ছাত্র যুবদের মন ছোঁয়ারও চেষ্টা শুরু করেছে। সম্প্রতি খবর ছড়ায়, এসপি প্রধান অখিলেশের সঙ্গে ‘গোপন’ বৈঠকও হয় ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কার।