অ্যাপক্যাবের ধাক্কা বাইকে। রাস্তায় পড়ে যান চালক। সেই অবস্থায় বাইকআরোহীকে প্রায় আধ কিলোমিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়িটি! প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ক্যাবের চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। সেই অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণের মীরা রোডে।
দুর্ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কালো রঙের চারচাকা গাড়ি বাইকে ধাক্কা মারে। বাইক এবং তার চালক আটকে যান গাড়ির বাঁদিকে। ক্যাবচালক গাড়ি না-থামানোয় ওই অবস্থায় চলতে থাকে। রাস্তার লোকেরা বিষয়টি দেখতে পেয়ে ওই ক্যাবচালককে গাড়ি থামাতে বলেন। অভিযোগ, গাড়ি না-থামিয়ে প্রায় আধ কিলোমিটার পর্যন্ত চলে যান।
প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান, মত্ত অবস্থায় ক্যাব চালাচ্ছিলেন ওই চালক। পুলিশ তাঁকে গ্রেফতারের পর মেডিক্যাল পরীক্ষা করায়। সেই রিপোর্টে চালকের মত্ত অবস্থায় গাড়ি চালানোর কোনও প্রমাণ মেলেনি। পুলিশের মতে, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ওই চালক। ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
আরও পড়ুন:
দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই বাইক চালক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই অ্যাপক্যাবটি বাজেয়াপ্ত করেছে। আপাতত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।