জম্মু-কাশ্মীরের শোপিয়ানে সেনার সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল লশকর-এ-ত্যায়বার জঙ্গিনেতা জ়াকির গানির। গত ৩ জুলাই থেকে জ়াকিরের খোঁজ চালাচ্ছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। বুধবার সকালে মীমানদার এলাকায় একটি জঙ্গলে তাঁর হদিস মেলে। সেই জঙ্গিকে ঘিরে ফেলে বাহিনী। তার পরই শুরু হয় গুলির লড়াই।
সেনা সূত্রে খবর, জ়াকির ছিলেন ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির তালিকায়। তিনি কুলগামের বাসিন্দা। ২০২৪ সালে লশকর জঙ্গিদলে যোগ দেন জ়াকির। মূলত দক্ষিণ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালাতেন তিনি। গত ৩ জুলাই মীমানদার এলাকায় বেশ কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে বলে খবর পেয়ে অভিযান শুরু করে বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছিল তারা।
সেনা সূত্রে জানানো হয়েছে, বুধবার সকালে জঙ্গিদের গোপন ডেরার হদিস মেলে। তার পরই ওই ডেরাকে ঘিরে ফেলে বাহিনী। সেই সময় ওই গোপন আস্তানায় ছিলেন লশকরের ওই নেতা। বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় দু’পক্ষের। জ়াকিরকে একটা সময় কোণঠাসা করে ফেলে বাহিনী। তার পরই বাহিনীর গুলিতে মৃত্যু হয় জ়াকিরের। গত ৩ জুলাই বাহিনীর নজরদারি ক্যামেরায় দুই জঙ্গি নজরে আসে। তার পরই মীমানদার এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। কিন্তু পাহাড়ি এলাকা এবং জঙ্গল থাকার কারণে সেই সুযোগ নিয়ে জঙ্গিরা আত্মগোপন করে। গত চার দিন ধরে দুই জঙ্গির খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চলছিল। অবশেষে বুধবার গোপন ডেরার হদিস মেলে। তবে আর এক জঙ্গি কোথায়, তাঁর কোনও হদিস পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি চলছে।