Advertisement
E-Paper

আয়ুষ্মান ভারতে অনিয়ম! গোটা দেশে ২৩৫৯ হাসপাতালকে তালিকা থেকে সরিয়ে দিল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, হল জরিমানাও

আয়ুষ্মান ভারত-এর নিয়ম লঙ্ঘনকারী হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের করেছে কেন্দ্র। শুধু তা-ই নয়, অভিযুক্ত হাসপাতালগুলিকে ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ১৫:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত-এর অনিয়মের অভিযোগে তালিকা থেকে সরিয়ে দেওয়া হল দেশের ২৩৫৯ হাসপাতালকে। সাসপেন্ড করা হয়েছে আরও ১২০০ হাসপাতালকে। কেন্দ্রের স্বাস্থ্যবিমার অন্তর্ভুক্ত এই হাসপাতালগুলির বিরুদ্ধে যথাযথ নিয়ম না মানার অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে সম্প্রতি লোকসভায় লিখিত ভাবে জবাব দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা।

আয়ুষ্মান ভারত-এর নিয়ম লঙ্ঘনকারী হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের করেছে কেন্দ্র। শুধু তা-ই নয়, অভিযুক্ত হাসপাতালগুলিকে ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। এই স্বাস্থ্যবিমায় প্রতারণা এবং হাসপাতালগুলি যাতে চিকিৎসার বেআইনি বিল তৈরি করতে না পারে, সেই বিষয়গুলি সুনিশ্চিত করতেই এই ধরনের পদক্ষেপ করা হল। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে ওই হাসপাতালগুলিতে আপাতত আয়ুষ্মান ভারতের অধীনে ‘ক্যাশলেস’ চিকিৎসার সুযোগ মিলবে না। তাই কেন্দ্রের এই স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা নিতে হাসপাতালের বর্তমান তালিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিমা প্রকল্পে দুর্নীতি রুখতে প্রযুক্তির সাহায্য নিচ্ছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (দ্য ন্যাশনাল হেল্‌থ অথরিটি বা এনএইচএ)। ভুয়ো কোনও দাবি চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ভুয়ো বিল, একই দাবির পুনরাবৃত্তি (ডুপ্লিকেট ক্লেম), ভুয়ো পরিচয় কাজে লাগিয়ে এই প্রকল্পের সুবিধা নেওয়ার মতো প্রতারণা এবং দুর্নীতি ধরতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। কেন্দ্রের দাবি, এই ধরনের ব্যবস্থার মাধ্যমে কোনও হাসপাতাল টাকা দাবি করার ২৪ ঘণ্টার মধ্যে জালিয়াতি চিহ্নিত করা সম্ভব হচ্ছে। সেই টাকা মেটানোর আগেই আটকে দেওয়া হচ্ছে এই ধরনের ভুয়ো দাবি। এই ধরনের প্রযুক্তির সাহায্যে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত ৬৭৬.১৬ কোটির আর্থিক ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

নরেন্দ্র মোদীর আমলে ২০১৮ সালে এই স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু করেছে কেন্দ্র। এই প্রকল্পের উপভোক্তা পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেয় কেন্দ্র। এনএইচএ-র পোর্টালের তথ্য বলছে, ২০২৬-এর ৮ অগস্ট পর্যন্ত এই প্রকল্পের তালিকাভুক্ত ৩৪ হাজার ৪৩৭টি হাসপাতাল। যার মধ্যে ২০ হাজার ৩৬৩টি সরকারি হাসপাতাল এবং ১৮ হাজার ৭৪টি বেসরকারি হাসপাতাল।

Health

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy