Advertisement
E-Paper

ঢেউয়ের ধাক্কায় গর্তে পড়ে যায় ৮ ছাত্র, পিকনিকে গিয়ে কী ভাবে মৃত্যু সমুদ্রে? বর্ণনা পুণের কোচিং সেন্টারের মালিকের

পুণে থেকে ৪৮ জনের একটি দল মহারাষ্ট্রের রায়গড় জেলার দিবেআগর সমুদ্রসৈকতে পিকনিক করতে গিয়েছিল গত বৃহস্পতিবার। স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে যায় আট ছাত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১২:০৭
মহারাষ্ট্রের রায়গড়ে সমুদ্রের ধারে পুলিশ ও উদ্ধারকারীরা।

মহারাষ্ট্রের রায়গড়ে সমুদ্রের ধারে পুলিশ ও উদ্ধারকারীরা। ছবি: পিটিআই।

কোচিং সেন্টারের আয়োজিত পিকনিকে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছে একাদশ শ্রেণির আট জন ছাত্র। পুণের আলান্দি এলাকার জনপ্রিয় কোচিং সেন্টার উইনার্স অ্যাকাডেমির অন্যতম মালিক অমর আদক জানিয়েছেন, সমুদ্রে স্নান করার সময় ঢেউয়ের ধাক্কায় তারা একটি গর্তে পড়ে গিয়েছিল। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারেনি আর। অভিযোগ, সাঁতার না জানলে সমুদ্রে নামতে নিষেধ করেছিলেন কোচিং কর্তৃপক্ষ। কিন্তু সেই নিষেধাজ্ঞা শোনা হয়নি।

পুণে থেকে ৪৮ জনের একটি দল মহারাষ্ট্রের রায়গড় জেলার দিবেআগর সমুদ্রসৈকতে পিকনিক করতে গিয়েছিল গত বৃহস্পতিবার। সেখানেই সমুদ্রে দুর্ঘটনায় আট ছাত্রের মৃত্যু হয়েছে। বিকেলে স্থানীয়েরা আট জনের দেহ উদ্ধার করেন। তাদের বয়স ১৬ বছরের কাছাকাছি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। কোনও তরফের গাফিলতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু কোচিং কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা তদন্তে সবরকম সহযোগিতা করছেন। ঘটনার পর ওই কোচিং সেন্টার আপাতত সিল করে দিয়েছে পুলিশ।

কী ভাবে এমন ঘটনা ঘটল? অমর জানিয়েছেন, চার বছর আগে তাঁদের কোচিং সেন্টারের পথ চলা শুরু। গত তিন বছর ধরে প্রতি বছর একাদশ শ্রেণির ছাত্রদের তাঁরা পিকনিকে নিয়ে যান। রায়গড়ে ভ্রমণের মূল আকর্ষণ রায়গড় দুর্গ। সকাল থেকে ছাত্রছাত্রীরা সেখানেই ছিল। দুপুরে ঘণ্টাখানেকের জন্য সমুদ্রসৈকতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। সেখানেই দুর্ঘটনা ঘটে যায়। অমর জানিয়েছেন, তিনি নিজেও ওই আট ছাত্রের সঙ্গে ছিলেন। ঢেউয়ের ধাক্কায় গর্তে পড়ে গিয়েছিলেন তিনি এবং আরও কয়েক জন। যাঁরা সাঁতার জানতেন, তাঁরাই কেবল উঠে আসতে পেরেছেন।

পিকনিকের জন্য প্রতি ছাত্রের কাছ থেকে ২০০০ টাকা করে নেওয়া হয়েছিল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অমর বলেন, ‘‘যারা সাঁতার জানে, কেবল তাদেরই সমুদ্রে নামতে বলেছিলাম আমি। কিন্তু কত জন সাঁতার জানে, সেটা জানা ছিল না। মেয়েরা দূরে দাঁড়িয়েছিল। ছেলেদের মধ্যে কয়েক জন সমুদ্রে নামে। আমিও নেমেছিলাম। জল কোমর পর্যন্ত ছিল। কিন্তু আচমকা একটি ঢেউয়ের ধাক্কায় আমরা বালির গর্তে পা ফস্কে পড়ে যাই। কয়েক জনকে আমরা তুলে আনতে পেরেছিলাম। বাকিদের তোলা যায়নি।’’ সঙ্গে সঙ্গে স্থানীয় ওয়াটারস্পোর্টস অপারেটরদের সঙ্গে যোগাযোগ করেছিলেন অমর। তাঁরা আধ ঘণ্টার চেষ্টায় সাত জনকে উদ্ধার করে। বাকি এক জনকে খুঁজে পেতে আরও কিছুটা সময় লেগেছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে আট জনকেই চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওই সমুদ্রসৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে দাবি করছেন স্থানীয়েরা।

Pune Maharashtra beach trip Coaching Centres

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy