Advertisement
E-Paper

রাজধানীতে ধরপাকড় শুরু, ‘মোদী ভয় পেয়েছেন’! দিল্লির উদ্দেশে রওনা দিয়ে বললেন দীপকে, তরুণ প্রজন্মকেও বার্তা

শনিবার সকাল থেকেই দিল্লির রাস্তায় ধরপাকড় শুরু করে দিয়েছে পুলিশ। সূত্রের খবর, ৪০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তারক্ষী দিল্লিতে মোতায়েন করা হয়েছে শুধু শনিবারের জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৯:৩৪
(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (ডান দিকে)।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তরুণ প্রজন্মকে ভয় পেয়েছেন। এমনটাই দাবি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-র। শনিবার সকালে মুম্বই থেকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। পথে সংবাদসংস্থা এএনআই-কে একটি সাক্ষাৎকারে দীপকে জানান, তাঁদের উদ্দেশ্য রাজধানীতে শান্তিপূর্ণ জমায়েত এবং আন্দোলন। তাতে বাধা দেওয়ার চেষ্টা করায় বোঝা যাচ্ছে, ক্ষমতাসীন সরকার তাঁদের ভয় পেয়েছে।

শনিবার সকাল থেকেই দিল্লির রাস্তায় ধরপাকড় শুরু করে দিয়েছে পুলিশ। সূত্রের খবর, রাত থেকে সকালের মধ্যে ৪০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী। সংবাদসংস্থা পিটিআই ১৫০ জনকে আটক করার খবর জানিয়েছে। ৪০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তারক্ষী দিল্লিতে মোতায়েন করা হয়েছে শুধু শনিবারের জন্য। তার মধ্যে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর জওয়ানেরাও রয়েছেন।

মোদীকে ‘একনায়ক’ বলেও কটাক্ষ করেছেন দীপকে। বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী একনায়ক। উনি ভয় পেয়েছেন, তাই দিল্লির মেট্রো, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছেন। দেশের তরুণ প্রজন্মকে যদি উনি এতটাই ভয় পান, তাহলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন কেন?’’ উল্লেখ্য, শনিবার সিজেপি-র ডাকে যন্তর মন্তরের সামনে বিপুল জমায়েত হতে চলেছে আন্দাজ করে আগে থেকেই সতর্ক দিল্লি পুলিশ। শুক্রবার রাত থেকে রাজধানীর ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত দিল্লিগামী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল। এমনকি, বিস্তীর্ণ অংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেটও। ককরোচদের জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তা ঠেকাতে ১৬৩ ধারা জারি করা হয়েছে নির্দিষ্ট কিছু জায়গায়। পুলিশের এই প্রস্তুতিকে কটাক্ষ করে দীপকে-র বার্তা, ‘‘নিজের দেশের মানুষের বিরুদ্ধেই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ যুদ্ধ ঘোষণা করতে চান? জ্ঞানেশ কুমার ওঁদের এতই প্রিয় যে, দেশের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীকে কাজে লাগাতে হচ্ছে?’’ দীপকে-র দাবি, এর পর বিজেপিকে আর কেউ ভোট দেবেন না, সেই ভয়ে আছেন মোদী-শাহ।

যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করে দীপকে বলেছেন, ‘‘প্রতিবাদ আমাদের মৌলিক অধিকার। সংবিধানের ১৯ নম্বর ধারায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিত প্রতিবাদের অধিকার সকলকে দেওয়া হয়েছে। আমরা সেটাই করতে চাই।’’ রাজধানী শহরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, পেয়িং গেস্ট পরিষেবায় পুলিশ গিয়ে খোঁজ নিচ্ছে। কমবয়সি তরুণ-তরুণীর দল দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে যে কোনও ধরনের জমায়েত ও প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে চলছে অনবরত মাইকিং। রাতেই দীপকে একটি ভিডিয়োবার্তায় জানিয়েছিলেন, তিনি দিল্লি গেলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। কিন্তু তাতে যেন প্রতিবাদ থেমে না যায়। সকাল সাড়ে ৯টার পর দীপকে-র দিল্লিতে নামার কথা।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
Delhi CJP Abhijeet Dipke Jantar Mantar Delhi Police Narendra Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy