ছয় রাজ্যে এসআইআর-এর পর ১০ কোটি ভোটারের মধ্যে মাত্র ১৬০০ জন ‘সন্দেহজনক বিদেশিকে’ চিহ্নিত করা গিয়েছে বলে ‘হিন্দুস্তান টাইম্স’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে! নির্বাচন কমিশনের নিজস্ব সংকলিত পরিসংখ্যান নেই বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই এসআইআর-এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (অমিত শাহ) বলেছিলেন, এসআইআর-এর তিনটি লক্ষ্য রয়েছে। সেগুলি হল অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ, নাম বাদ দেওয়া এবং দেশের বাইরে পাঠানো। এর ফলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে বলেছিলেন তিনি। ১৬০০ ‘বিদেশিকে’ খুঁজতে ছ’টি রাজ্যের ১০ কোটি ভোটারকে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হল।”
হিন্দুস্তান টাইম্স-এর প্রতিবেদন অনুসারে, এই ছ’টি রাজ্য হল কর্নাটক, ঝাড়খণ্ড, মেঘালয়, কেরল, গোয়া এবং মিজ়োরাম। প্রতিবেদনে কর্নাটকে ৭১৬ জন, ঝাড়খণ্ডে ৩ জন, মেঘালয়ে ২ জন, কেরলে প্রায় ৫০০ জন এবং গোয়ায় ৪১৯ জনকে চিহ্নিত করার কথা বলা হয়েছে। মিজ়োরাম এমন কোনও ঘটনা পায়নি বলে জানিয়েছে। কংগ্রেসের অভিযোগ, অন্য যে সমস্ত রাজ্যে এসআইআর হয়েছে, সেখানে এই ‘সন্দেহজনক বিদেশিদের’ পরিসংখ্যান পাওয়া যায়নি।