স্বাধীনতা দিবসে হামলার আশঙ্কায় দিল্লি জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হল। গোয়েন্দা সূত্রে খবর আসার পরই স্বাধীনতা দিবসের আগে রাজধানীতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হল। আল-কায়দা, ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এবং খলিস্তানপন্থী ১৯ জন জঙ্গির ছবি প্রকাশও করল দিল্লি পুলিশ। দেশে বোমা বিস্ফোরণ এবং সন্ত্রাসবাদী হামলার সঙ্গে এই জঙ্গিরা জড়িত ছিল বলে পুলিশ সূত্রে খবর।
সূত্রের খবর, এই ১৯ জন ‘ওয়ান্টেড’ জঙ্গির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে রাজধানীবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই যেন তাঁরা পুলিশে খবর দেন। দিল্লি পুলিশ যে ১৯ জঙ্গির ছবি প্রকাশ করেছে, সেই জঙ্গিদের তিনটি আলাদা মডিউলে ভাগ করেছে তারা। সেই তিনটি জঙ্গি মডিউল হল, আইএম, আল-কায়দা এবং খলিস্তান।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, যে জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে পাঁচ জন আইএম-এর সদস্য। তাঁরা হলেন কর্নাটকের ভটকলের বাসিন্দা ইখবাল ভটকল, রিয়াজ ভটকল, বেঙ্গালুরুর জুনেইদ আহমদ, উত্তরপ্রদেশের আজ়মগড়ের মহম্মদ খালিদ এবং মহারাষ্ট্রের পুণের মহসিন চৌধরী। এই পাঁচ জন দেশের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গির তালিকায় রয়েছেন। আলকায়দা মডিউলের ছয় জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সম্ভলের বাসিন্দা মহম্মদ শরজিল আখতার, দিল্লির সীলমপুরের মহম্মদ রেহান, ঝাড়খণ্ডের আবু সুফিয়ান, জামশেদপুরের সৈয়দ মহম্মদ আর্শিয়ান, বেঙ্গালুরুর মহম্মদ শাহিদ ফৈজল এবং হায়দরবাদের মহম্মদ উমর।
খলিস্তান সংগঠনের সঙ্গে যুক্ত আট জন জঙ্গিরও সন্ধান চালানো হচ্ছে। বব্বর খালসা ইন্টারন্যাশনাল সংগঠনের বাধবা সিংহ বব্বর, পুরষোত্তম সিংহ পম্মা, হরবিন্দর সিংহ রিন্দা, গুরমীত সিংহ বগ্গা, ভূপেন্দ্র সিংহ ভিন্ডা, খলিস্তান জিন্দাবাদ ফোর্স-এর রণজিৎ সিংহ, পরমজিত সিংহ পম্মা এবং খলিস্তান টাইগার ফোর্স-এর অর্শদীপ সিংহ ডালার ছবি প্রকাশ করা হয়েছে। হামলার আশঙ্কায় রেলস্টেশন, বাসস্ট্যান্ড, মেট্রো স্টেশন, বাজার, ঐতিহাসিক স্থান, ভিড়বহুল এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে দিল্লিতে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে ক্রমাগত নজরদারি জারি রাখা হয়েছে।