উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা ভোটে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রার্থী করেছেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড (আরআইএল)-এর গ্রুপ প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানিকে। ভোটপর্ব শেষ হওয়ার আগেই সেই প্রার্থী ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! এসআইআর-দুর্নীতি এবং স্বেচ্ছ্বাচারী আচরণের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে বিরোধীরা। সেই আবহে সমাজবাদী প্রার্থীর এই আচরণ ঘিরে প্রশ্ন উঠেছে।
বুধবার সমাজমাধ্যমে একটি পোস্টে ধনরাজ ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মোদীর যাত্রাকে ‘অটুট প্রত্যয়, অধ্যবসায় এবং জাতি গঠনের অঙ্গীকারের যাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে মোদী সিকি শতকের শাসনকালকে, ‘২৫ বছরের নেতৃত্ব। ২৫ বছরের নিষ্ঠা। ২৫ বছরের সেবা কা সংকল্প’, বলে বর্ণনা করে না ধনরাজ লিখেছেন, “২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে শ্রী নরেন্দ্র মোদী এক অসাধারণ পথ পাড়ি দিয়েছেন— গুজরাটের সেবা করা থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে ভারতকে নেতৃত্ব দেওয়া পর্যন্ত জাতির সেবায় তাঁর সাফল্য অব্যাহত।’’
উত্তরপ্রদেশে আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার ১০টি আসনে নির্বাচন। পরিষদীয় পার্টিগণিতের হিসাবে সমাজবাদী পার্টি দু’টিতে জিততে পারে। প্রথম আসনটিতে দাঁড়াচ্ছেন দলের প্রবীণ নেতা রামগোপাল যাদব। কিন্তু দ্বিতীয় আসনে অখিলেশ গুজরাতের বাসিন্দা ধনরাজকে প্রার্থী করার সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি করেছে। কারণ, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় নিজেদের দলেরই কোনও নেতাকে প্রার্থী করা হবে বলে মনে করা হচ্ছিল। তা ছাড়া রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি ৪০ বছরের ধনরাজ গুজরাতের ক্রীড়া প্রশাসনের সঙ্গেও যুক্ত। ২০২২ সালে অমিত শাহের উত্তরসূরি হিসেবে তিনি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সভাপতি হন।
আরও পড়ুন:
ধনরাজ রাজ্যসভার সাংসদ পরিমল নাথওয়ানির ছেলে। পরিমল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় কর্পোরেট অ্যাফেয়ার্স-এর অধিকর্তা। ২০২৪ সালে চতুর্থ বার রাজ্যসভায় নির্বাচিত হন পরিমল। বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে কংগ্রেসের প্রণব ঝায়ের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন তিনি। ওই রাজ্যসভা নির্বাচনে ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশে ভোট কাটাকাটির মঞ্চ তৈরি করেছিল বিজেপি। ঝাড়খণ্ডে দু’টি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের দুই প্রার্থী সরাসরি জিততে পারে জেনেও শিল্পপতি, রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রিজ়ের ডিরেক্টর-কর্পোরেট অ্যাফেয়ার্স পরিমল বিজেপির সমর্থন নিয়ে রাজ্যসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। এবং বিজেপির মদতে ভোট ভাঙিয়ে জিতে গিয়েছিলেন। এই আবহে ধনরাজের মোদী-স্তুতি নিয়ে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই। এসপি-র এক শীর্ষ পর্যায়ের নেতার মতে, ধনরাজকে পাওয়ার ফলে আগামী বছর বিধানসভা নির্বাচনে উপকৃত হবে দল।