Advertisement
E-Paper

মন্ত্রিত্বে ইস্তফার পর প্রথম দিন সংসদে এসে ‘বীরের অভ্যর্থনা’ পেলেন ধর্মেন্দ্র! পাগড়ি পরানো হল, উঠল জিন্দাবাদ স্লোগানও

সংসদ চত্বরে গাড়ি থেকে নামতেই ধর্মেন্দ্রকে স্বাগত জানান বিজেপির বেশ কয়েক জন সাংসদ। তাঁর মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। ‘প্রধান জিন্দাবাদ’ স্লোগানও ওঠে। দলীয় সহকর্মীরাই ধর্মেন্দ্রকে সংসদের ভিতরে নিয়ে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৩:৩৫
প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার সংসদ চত্বরে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার সংসদ চত্বরে। ছবি: পিটিআই।

মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পর সোমবারই প্রথম সংসদে গেলেন ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার সম্বলপুর কেন্দ্রের বিজেপি সাংসদ গাড়ি থেকে নামতেই সংসদ চত্বরে তাঁকে স্বাগত জানান বিজেপির বেশ কয়েক জন সাংসদ। তাঁর মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। ‘প্রধান জিন্দাবাদ’ স্লোগানও ওঠে। দলীয় সহকর্মীরাই ধর্মেন্দ্রকে সংসদের ভিতরে নিয়ে যান।

সংসদের মকর দ্বার দিয়ে ধর্মেন্দ্র যখন ভিতরে ঢুকছেন, তখন তার অনতিদূরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদেরা। তাঁদের জমায়েত থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটচুরি, পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ তোলা হয়। বিরোধী সাংসদেরা এই অভিযোগ তোলেন যে, পড়ুয়াদের শান্তিপূর্ণ প্রতিবাদে দমনপীড়ন চালিয়েছে পুলিশ। এই বিষয়ে দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে জানান তাঁরা।

নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই ধর্মেন্দ্রের পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনও বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। শনিবার সিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনার আগে ইস্তফা দেওয়ার কথা জানান দেশের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। তাঁর স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ জোশী।

ইস্তফার কথা ঘোষণা করে শনিবার দুপুরে সমাজমাধ্যমে পোস্ট করেন ধর্মেন্দ্র। জানান, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত। ধর্মেন্দ্র লেখেন, ‘‘ছাত্র, শিক্ষক এবং শিক্ষার সংস্কারে গত চার দশক ধরে আমি নিজেকে নিবেদন করে এসেছি। সবসময় বিশ্বাস করেছি, শক্তিশালী, দূরদর্শী শিক্ষাব্যবস্থাই একটা শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হতে পারে। দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা, অনুভূতি, ন্যায়সঙ্গত প্রত্যাশাকে আমি গভীর ভাবে শ্রদ্ধা করি। তরুণ প্রজন্মের স্বপ্নকে বাস্তবে পরিণত করা আমাদের সকলের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গীকার। দেশের সেবা করার সুযোগ আমি পেয়েছি, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’’

ধর্মেন্দ্র জানান, গত ৩ মে নিটের পরীক্ষায় যে অনিয়ম ধরা পড়েছিল, প্রথম দিন থেকে তিনি তার দায় নিয়েছিলেন। কখনও দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি। তাঁর কথায়, ‘‘কোনও মেধবী ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না, কারও সঙ্গে অন্যায় হতে দেব না— এটাই আমার সঙ্কল্প ছিল। গত ১০ দিনের ঘটনাক্রমে আমি ব্যথিত। যন্তর মন্তর এবং সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশবিরোধী শক্তিগুলি যাতে তার সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যাতে অটুট থাকে, কোনও পড়ুয়া যাতে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে, আমাদের সন্তানেরা যাতে কেরিয়ারে মনোনিবেশ করতে পারে, সে কথা বিবেচনা করে আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’’

Dharmendra Pradhan NEET Cockroach Janata Party NEET Paper Leak Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy