Advertisement
E-Paper

পরীক্ষাব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন কেন্দ্রের, নেতৃত্বে সেই নীলেকণি, ফের ভিডিয়োবার্তা প্রধানমন্ত্রীর

ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকণির নেতৃত্বাধীন এই টাস্ক ফোর্সে থাকছেন ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র প্রাক্তন অধিকর্তা তপন ডেকা প্রমুখ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৯:১১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

দেশের পরীক্ষাব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে এ বার টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এর নেতৃত্বে থাকছেন তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর সহ প্রতিষ্ঠাতা নন্দন নীলেকণি। রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে পদত্যাগ করতে হয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। এই আবহে প্রধানমন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই টাস্ক ফোর্স পরীক্ষাব্যবস্থায় সংস্কারের বিষয়টিকেই অগ্রাধিকার দেবে। কোথায় সংস্কার প্রয়োজন, তা জানিয়ে সরকারের কাছে দ্রুত প্রস্তাব পাঠাবে। মোদী জানিয়েছেন, টাস্ক ফোর্সের প্রস্তাব মেনে আগামী পরীক্ষাগুলিতে স্বচ্ছতার বিষয়টি সুনিশ্চিত করবে সরকার। নিট-আন্দোলনের আবহে এই নিয়ে তিনটি ভিডিয়ো পোস্ট করলেন মোদী। যদিও কোনও ভিডিয়োতেই যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ, আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ কিংবা শিক্ষামন্ত্রী প্রধানের ইস্তফা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

নীলেকণি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত। আধার কার্ডের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে দেশের সকল নাগরিকের পরিচয় নথিবদ্ধ করার পরিকল্পনা তাঁরই মস্তিষ্কপ্রসূত ছিল। নীলেকণির নেতৃত্বাধীন এই টাস্ক ফোর্সে কারা থাকবেন, তা জানিয়েছে কেন্দ্র। থাকছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি-র প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, আইআইটি মাদ্রাজ়ের অধিকর্তা ভি কামকোটি, দেশের প্রাক্তন শিক্ষাসচিব অনীতা করবাল এবং প্রযুক্তি বিশেষজ্ঞ অমৃতলাল মীণা।

পরীক্ষাব্যবস্থায় দীর্ঘমেয়াদি সংস্কারের প্রয়োজনীয়তার কথা ভিডিয়োবার্তায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, পরীক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করে তোলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রযুক্তিকে যথাসম্ভব ব্যবহার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী এ-ও জানান যে, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। তিনি বলেন, “যাঁরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাঁরা এখন জেলে রয়েছেন।”

নিট-কাণ্ড নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ আন্দোলনে দেশের একাংশ উত্তাল হওয়ার পর গত বৃহস্পতিবার মধ্যরাতে একটি ভিডিয়োবার্তা দিয়েছিলেন মোদী। সে দিন তিনি ঘোষণা করেন যে, নিট কেলেঙ্কারি-প্রশ্নফাঁস রুখতে খসড়া বিল তৈরি করা হয়েছে। এই বিষয়ে শুক্রবার মন্ত্রিসভায় আলোচনা হবে। সোমবার সংসদে সেই বিল পাস করানো হবে। প্রধানমন্ত্রীর সেই বার্তার পরেই গুরুগ্রামের হাসপাতালে বসে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার হাত থেকে শরবত পান করে অনশন প্রত্যাহার করেন সমাজসৈনিক সোনম ওয়াংচুক। শুক্রবার রাতে সমাজমাধ্যমে আরও একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী। ৪০ সেকেন্ডের ওই ভিডিয়োয় মোদী বলেন, ‘‘ধন্যবাদ বন্ধুরা। কাল বেশি রাতে আপনাদের সঙ্গে যোগাযোগের সুযোগ হয়ে গিয়েছিল।’’ তিনি বলেন, ‘‘যে ভিডিয়ো পোস্ট করেছিলাম তাতে আপনারা যে ভাবে সাড়া, পরামর্শ দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ।’’ শুক্রবারের ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল, ‘‘গতকাল যাঁরা আমার ভিডিয়ো দেখেছেন ও মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন, সেই সমস্ত তরুণ-তরুণীকে ধন্যবাদ।’’

Narendra Modi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy