Advertisement
E-Paper

মোদীর দরজায় বাল্যবন্ধু বোহরা! সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে ১০ বছর, নিশানায় দুই প্রতিষ্ঠান, সমস্যার সমাধান হবে কি?

অসগর অলী বোহরা প্রধানমন্ত্রীকে জানান, বিভিন্ন সরকারি সংস্থা ও পুলিশের কাছে জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে আবেদন করেছেন। তবু সমস্যার সমাধান হয়নি। অভিযোগ উঠেছে মোদীর দলের এক বিধায়ক নরেন্দ্র মেহতার বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৫
গুজরাতের বডনগরে বিএন স্কুলে মোদীর সহপাঠী ছিলেন তিনি।

গুজরাতের বডনগরে বিএন স্কুলে মোদীর সহপাঠী ছিলেন তিনি। ছবি: সংগৃহীত।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু, তবু জমি সংক্রান্ত সমস্যার সুরাহা হচ্ছে না। সেই বিষয় নিয়ে আলোচনা করতে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন ৮১ বছরের প্রৌঢ় অসগর অলী বোহরা। মুম্বইয়ের মীরা রোডে তাঁর বাড়ি। মুম্বই শহরতলির পূর্ব ভাইন্দর এলাকায় একটি জমি নিয়ে বছর দশেকের পুরনো একটি মামলার কিছুতেই নিষ্পত্তি হচ্ছে না। এই ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হস্তক্ষেপ চেয়ে মোদীর দ্বারস্থ হলেন তাঁর বাল্যবন্ধু বোহরা।

গুজরাতের বডনগরে বিএন স্কুলে মোদীর সহপাঠী ছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে তিনি জানান, বিগত ১০ বছরে বিভিন্ন সরকারি সংস্থা ও পুলিশের কাছে জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে আবেদন করেছেন। তবু সমস্যার সমাধান হয়নি।

বোহরার বক্তব্য, ২৮১০ বর্গমিটারের যে জমি নিয়ে বিবাদ, সেই জমিটি ১৯৮৯ সালে সমস্ত আইনি বোঝাপড়ার পরেই কিনেছিলেন তিনি। ২০১১ সালে সেই জমি জবরদখল হয়। স্বয়ম বিল্ডার্স ও সেভেন ইলেভেন কনস্ট্রাকশন্‌স, এই দু’টি নির্মাণসংস্থার নাম উঠে এসেছে তাঁর অভিযোগে।

তিনি আরও অভিযোগ করেছেন, সম্পত্তি সংক্রান্ত নথিপত্র জাল করা হয়েছে। যাঁর কাছ থেকে বোহরা জমিটি কিনেছিলেন, তিনিও এই ব্যাপারে কিছুই জানতেন না। পরবর্তী কালে জমিটিকে দু’টি অংশে ভাগ করা হয় এবং ওই দুই নির্মাণসংস্থার নামে তা নথিভুক্ত করা হয়। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

মোদীর সঙ্গে দেখা হওয়ার পর স্থানীয় প্রশাসন অবশেষে নড়েচড়ে বসেছে। ১৬ সেপ্টেম্বর শুনানির দিন ঠিক হয়েছে। স্বয়ম বিল্ডার্স ও সেভেন ইলেভেন কনস্ট্রাকশন্‌সের প্রতিনিধিদেরও সে দিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মোদীর দলের এক বিধায়ক, নরেন্দ্র মেহতার দিকেও আঙুল তুলেছেন বোহরা। অভিযোগ, সেভেন ইলেভেন কনস্ট্রাকশন্‌সের সঙ্গে জড়িত রয়েছেন তিনি।

অবশেষে এই জমি সংক্রান্ত ভোগান্তি থেকে মুক্তি পাবেন তিনি, বাল্যবন্ধুর সঙ্গে আলোচনার পর এই আশায় বুক বাঁধছেন বোহরা।

Narenda Modi Land Dispute CBI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy