মুম্বই থেকে হাওড়াগামী সিএসএমটি-হাওড়া ১২২৬১ দুরন্ত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। বুধবার ভোরে আচমকাই ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লেগে যায়। ট্রেনটি তখন সিএসএমটি রেলইয়ার্ডে ছিল। সেখান থেকে স্টেশনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময়েই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।
রেল সূত্রে খবর, যে সময় অগ্নিকাণ্ড ঘটে, সেই সময়ে ট্রেনে কেউ ছিলেন না। ফলে বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লাগার ঘটনায় হুলস্থুল পডে যায় রেলইয়ার্ডের কর্মীদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল আসে। খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বুধবার ভোর ৩টে ৪০ মিনিটে প্যান্ট্রি কার থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। তৎক্ষণাৎ দমকলকে খবর দেওয়া হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে। ওই প্রত্যক্ষদর্শীর দাবি, আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত। কিন্তু সঠিক সময়ে বিষয়টি নজরে আসায় তৎপরতার সঙ্গে পদক্ষেপ করা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছেন, ট্রেনটি রেলইয়ার্ডে দাঁড়িয়ে ছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে।