অরুণাচলে প্রস্তাবিত ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ তৈরি হলে ব্রহ্মপুত্রের প্রবাহে ও নিম্ন অংশে তার কতটা নেতিবাচক প্রভাব পড়বে- তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলকে চিঠি লিখেছেন লোকসভায় বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ। অসম কংগ্রেসের সভাপতি গৌরব চিঠিতে উল্লেখ করেন, সিয়াং নদী ব্রহ্মপুত্র অববাহিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা অসমের কৃষিনির্ভর অর্থনীতি, নদীকেন্দ্রিক বাস্তুতন্ত্র এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তাই নদীর সামগ্রিক প্রবাহের উপরে যে কোনও হস্তক্ষেপের আগে সামগ্রিক ভাবে ঝুঁকি, অববাহিকা এলাকার নিরাপত্তা এবং নিম্নবর্তী এলাকার মানুষের উপর সম্ভাব্য প্রভাবের বিস্তারিত মূল্যায়ন করা জরুরি। তিনি স্মরণ করিয়ে দেন, অরুণাচলপ্রদেশে বৃহৎ বাঁধ প্রকল্প নিয়ে অসমের উদ্বেগ নতুন নয়। ২০১৪ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ অরুণাচলে বড় বাঁধ প্রকল্প গ্রহণের আগে অসম সরকারের সঙ্গে আনুষ্ঠানিক পরামর্শের দাবি তুলেছিলেন। ২০১৫ সালে প্রস্তাবিত মধ্য সিয়াং প্রকল্পের ক্ষেত্রেও তিনি অসমের মানুষের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ও পরামর্শ প্রক্রিয়ার উপর জোর দিয়েছিলেন।
গৌরব আরও বলেন, চিনের ইয়ারলুং সাংপো নদীতে প্রস্তাবিত বৃহৎ বাঁধের কৌশলগত জবাব হিসেবে আপার সিয়াংয়ের বড় বাঁধকে তুলে ধরা হলেও, অসমের মানুষের স্বার্থকেও সমান গুরুত্ব দিতে হবে।