ইউপিআইয়ের মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকদের থেকে মাশুল নিতে পারবে না ব্যাঙ্ক এবং সংস্থাগুলি। সোমবার এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রুপে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।
সোমবার কেন্দ্র একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে প্রেরক এবং গ্রাহক, কারও থেকে মাশুল নেওয়া যাবে না। ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারী সংস্থা, কেউই মাশুল নিতে পারবে না। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ২৪ হাজার কোটির বেশি বার ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, যার মূল্য প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা।
ইতিমধ্যে সংসদে পাস হয়েছে এ সংক্রান্ত আইনের (পেমেন্ট অ্যান্ড সেট্লমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭) সংশোধনী বিল। ইউপিআই পেমেন্টে বর্তমানে কোনও চার্জ বা ফি কার্যকর করার প্রস্তাব নেই। কিন্তু সরকার ভবিষ্যতে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস চার্জ বা লেভি নেওয়ার অনুমতি দিতে পারবে, সেই সংস্থান রয়েছে বিলে। এ নিয়ে আগে থেকেই শাসক-বিরোধী তরজা শুরু হয়েছিল। লোকসভায় বিল পাস হওয়ার পরে তা আরও বৃদ্ধি পায়। বিভিন্ন মহলে বিলের সমালোচনাও শুরু হয়। তার মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে, যিনি টাকা দিচ্ছেন তাঁকে মাশুল দিতে হবে না। ব্যবসায়ীদেরই সেই মাশুল দিতে হবে। এ বার কেন্দ্র বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে থাকবে মাশুলহীনই।