এক মাসেরও বেশি লড়াই চালানোর পর অবশেষে মৃত্যু হল চণ্ডীগড়ের সমাজমাধ্যম প্রভাবী মনজিৎ কউরের (২৮)। চিকিৎসা চলছিল চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (পিজিআইএমইআর)-এ। গত ২৬ অগস্ট মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে পুলিশ।
অভিযোগ, গত ৩ জুলাই মনজিৎকে দেখা করতে বলেন তাঁরই পরিচিত দু’জন। মনজিৎ দেখা করতে গেলে তাঁকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তার পর তাঁকে ধর্ষণ করা হয় মোরিন্ডা নামে একটি জায়গায়। শুধু তা-ই নয়, মনজিৎকে গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়েরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ৯ জুলাই চণ্ডীগড়ের পিজিআইএমইআরে স্থানান্তর করা হয়। গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে অচৈতন্য অবস্থায় থাকার গত ৫ অগস্ট তাঁর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর পরিবারকে ঘটনার কথা জানান। পরিবারের দাবি, পুলিশকে বয়ান দিতে চাইলেও তাঁর বয়ান সময়মতো রেকর্ড করা হয়নি। পরিবারের তরফে দুই পরিচিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। চণ্ডীগড়ের সেক্টর ৩৪ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শাদি লাল জানিয়েছেন, মনজিৎ বিবাহবিচ্ছিন্না। তাঁর সাত বছরের এক সন্তান রয়েছে। সন্দেহ করা হচ্ছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের একজনের সঙ্গে লিভ ইন সম্পর্ক ছিল মনজিতের।