আইআইটি বম্বের ছাত্রের মৃত্যুতে নির্যাতনের অভিযোগ তুললেন বাবা-মা। তাঁরা বলেন, ‘‘আমাদের ছেলে লড়াকু মানসিকতার। বিভিন্ন পরিস্থিতির সঙ্গে লড়াই করে উঠে এসেছে। সহজে হার মানার ছেলে নয়।’’ এর পরই ছাত্রের মা বলেন, ‘‘আমার ছেলেকে নির্যাতন করা হয়েছে। ন্যায়বিচার চাই।’’
আইআইটি বম্বের পওয়াই ক্যাম্পাসে হস্টেল থেকে শুক্রবার ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। তিনি এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কর্তৃপক্ষের দাবি, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করেছিলেন ওই ছাত্র। প্রশ্নের উত্তর জানতে চ্যাটজিপিটি ব্যবহার করেন বলেও দাবি। কর্তৃপক্ষের বক্তব্য, পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপকের কাছে তিনি ধরা পড়ে যান। এর পর বিভাগীয় প্রধান ওই ছাত্রের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়, ছাত্রটির বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি। তাঁর শিক্ষাজীবনেও এর কোনও বিরূপ প্রভাব পড়বে না বলেও তাঁকে আশ্বস্ত করা হয়েছিল।
আরও পড়ুন:
এই আলোচনার পর ছাত্র হস্টেলে নিজের ঘরে ফিরে যান। পরে সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার করা হয়। ছাত্রের দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন আইআইটির অন্য পড়ুয়ারা। তাঁরা কর্তৃপক্ষের কাছে জবাব দাবি করেছেন। শনিবার সকালে আরও পড়ুয়া আইআইটির মূল গেটের সামনে প্রতিবাদ অবস্থানে বসেছেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ওই ছাত্রের বাবা-মা। তাঁরা বলেন, ‘‘ছেলের মৃত্যুর বিচার চাই। ও আমাদের একমাত্র সন্তান। যত ক্ষণ না আমরা কর্তৃপক্ষের কাছ থেকে কোনও জবাব পাচ্ছি, তত ক্ষণ মেন গেট থেকে সরব না। যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে রাজি আছি আমরা। ছেলের বিচারের জন্য লড়াই চালিয়ে যাব।’’