Advertisement
E-Paper

হিমাচল ভ্রমণে গিয়ে নিখোঁজ হায়দরাবাদের বাইক রাইডার! মোটরসাইকেল উদ্ধার হলেও হদিস মেলেনি যুবকের

পরিবার সূত্রে খবর, বাড়িতে অনিল জানিয়ে গিয়েছিলেন তিনি লাদাখ এবং লাহুলে যাবেন। পরিকল্পনা মতো লাদাখের জাস্কর উপত্যকার পাদুম থেকে লাহুলে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান অনিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৬ ১০:৩৯
(বাঁ দিকে) অনিল। (ডান দিকে) তাঁর ভাঙাচোরা বাইক। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) অনিল। (ডান দিকে) তাঁর ভাঙাচোরা বাইক। ছবি: সংগৃহীত।

বাইকে করে একা একা ঘুরে বেড়ানোই তাঁর নেশা। সেই নেশার টানেই হিমাচল প্রদেশের উদ্দেশে বেরিয়ে পড়েছিলেন তেলঙ্গানার হায়দরাবাদের যুবক অনিল মার্লা। কিন্তু গত ১৯ জুলাই থেকে তাঁর আর কোনও হদিস মিলছে না। ভাঙাচোরা অবস্থায় তাঁর বাইক উদ্ধার হলেও কোনও খোঁজ নেই অনিলের। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

পরিবার সূত্রে খবর, বাইক নিয়ে একা একা ঘুরতেই ভালবাসেন অনিল। বাড়িতে জানিয়ে গিয়েছিলেন তিনি লাদাখ এবং লাহুলে যাবেন। পরিকল্পনা মতো লাদাখের জাস্কর উপত্যকার পাদুম থেকে লাহুলে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান অনিল। পুলিশ সূত্রে খবর, দারচা-শিঙ্কু লা রোডে একটি খরস্রোতা নদীর পাশ থেকে তাঁর ভাঙাচোরা বাইক, হেলমেট, মোবাইল ফোন এবং ব্যাগ উদ্ধার হয়েছে।

অনিলের স্ত্রী সুমিতা লাহুলে পৌঁছে গিয়েছেন। তিনি জানিয়েছেন, ১৮ জুলাই অনিলের সঙ্গে শেষ বার ফোনে কথা হয়েছিল তাঁর। ১৯ জুলাই তাঁকে মেসেজও করেছিলেন অনিল। সেই সময় সুমিতাকে জানিয়েছিলেন যে, পাদুম থেকে লাহুলের দিকে যাচ্ছেন। কিন্তু বিকেলে ফোন করলে অনিল আর তা ধরেননি। লাগাতার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ ছিল। তদন্তকারীরা মনে করছেন, গভীর খাদে পড়ে গিয়ে থাকতে পারেন অনিল। তার পর হয়তো ভাগা নদীর জলে ভেসে গিয়েছেন।

সুমিতা বলেন, ‘‘অত্যন্ত সাবধানী ছিল অনিল। কখনও বেপরোয়া ভাবে বাইক চালাত না। পুলিশ যথেষ্ট সাহায্য করছে। কিন্তু আমাকে বার বার বলা হচ্ছে, দুর্গম পাহাড়ি পথে এ রকম দুর্ঘটনা হামেশাই হয়। কিন্তু তার যে সত্যিই কোনও দুর্ঘটনা হয়েছে, এমন কোনও প্রমাণ মেলেনি।’’ নদী উপত্যকায়, পাহাড়ি খাদে ড্রোনের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। লাহুল-স্পিতির পুলিশ সুপার শিবানী মেহলা বলেন, ‘‘বাইকারের কোনও হদিস মেলেনি। আমাদের অভিযান চলছে।’’ গত মে মাসে কুলু পৌঁছোন অনিল। ভুন্টর থেকে একটি বাইক ভাড়া করেন। কুলুতে কয়েক দিন কাটান। তার পর জুলাইয়ে লাদাখের উদ্দেশে রওনা দেন।

Bike Rider

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy