আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে পাস হতে পারে পি৭৫আই (প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া) প্রস্তাব। সে ক্ষেত্রে ওই কর্মসূচিতে জার্মান সংস্থা ‘থাইসেনকর্প মেরিন সিস্টেমস’ (টিকেএমএস)-এর সঙ্গে ৭০ হাজার কোটি টাকারও বেশি অঙ্কের চুক্তি করে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে কৌশলগত অংশীদারির ভিত্তিতে ভারতীয় নৌসেনার জন্য ছ’টি ডুবোজাহাজ নির্মাণ করা হবে।
রবিবার এনডিটিভি প্রকাশিত খবরে দাবি, টিকেএমএস-এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় নৌসেনার জন্য ‘এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (এআইপি) সিস্টেম’-যুক্ত ছ’টি আধুনিক ‘ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন’ নির্মাণ করবে মুম্বাইয়ের ‘মাজ়াগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড’ (এমডিএল)। ‘টাইপ-২১৪’ শ্রেণির এই ডুবোজাহাজগুলির অস্ত্রসজ্জার মধ্যে থাকবে ছয়টি ৫৩৩ এমএম টর্পেডো টিউব (হেভিওয়েট ব্ল্যাক শার্ক টর্পেডো-যুক্ত) এসএম-২৯ এক্সোসেট জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ডুবোজাহাজে ব্যবহৃত সংস্করণ।
এআইপি প্রযুক্তি-যুক্ত হওয়ায় ভারতীয় নৌসেনার অন্য যে কোনও ডুবোজাহাজের তুলনায় বেশি সময় জলের তলায় থাকতে পারবে ‘টাইপ-২১৪’। এই ডুবোজাহাজগুলির দৈর্ঘ্য ৬৫ মিটার, প্রস্থ ৬.৩ মিটার এবং ড্রাফট (উচ্চতা) ৬ মিটার। এর এইচওয়াই-১০০ ফেরোম্যাগনেটিক ইস্পাত দিয়ে নির্মিত হওয়ার কারণে এর ‘চৌম্বকীয় স্বাক্ষর’ খুব সীমিত। ফলে শত্রু নৌসেনার সোনারের নজরদারি অনেকাংশে এড়াতে সক্ষম। জুলাই মাসে ভারতে জার্মান রাষ্ট্রদূত ফিলিপ অ্যাকারম্যান জানিয়েছিলেন শীঘ্রই স্বাক্ষরিত হতে পারে ডুবোজাহাজ চুক্তি।
আরও পড়ুন:
প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, বহু প্রতীক্ষিত এই প্রকল্প রূপায়িত হলে একই সঙ্গে বঙ্গোপসাগর এবং আরবসাগরে সমান্তরাল ভাবে পাক ও চিনের মোকাবিলা করা সম্ভব হবে। ২০১৮ সালে প্রতিরক্ষা মন্ত্রক যখন ছ’টি ডুবোজাহাজ নির্মাণের বিষয়টি ‘অ্যাকসেপ্ট্যান্স অফ নেসেসিটি’ তালিকাভুক্ত করেছিল, তখন আনুমানিক খরচ ধরা হয়েছিল ৪৩ হাজার কোটি টাকা। তার পর ধাপে ধাপে পর্যালোচনায় বেড়েছে বাজেট। এর আগে আশির দশকের গোড়ায় জার্মানির সংস্থা হাউন্ডসওয়ার্ক-ডয়শে ওয়েরফ্ট-এর থেকে শিশুমার শ্রেণির ৪টি ডিজ়েল-বিদ্যুৎ ডুবোজাহাজ কিনেছিল ভারতীয় নৌসেনা। প্রায় দেড় দশক আগে ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে ছ’টি কলভরী গোত্রের স্করপেন ডুবোজাহাজ বানানো শুরু করেছিল ভারত। সেই প্রকল্পের নাম ছিল ‘প্রজেক্ট ৭৫’। ওই গোত্রের প্রথম স্টেলথ ডুবোজাহাজ আইএনএস কলভরীকে ২০১৫ সালের অক্টোবরে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। ২০২০-র নভেম্বরে এই গোত্রের শেষ ডুবোজাহাজটি ‘কমিশন’ পেয়েছিল। তার পর গত পাঁচ বছরে নতুন কোনও ডুবোজাহাজ নৌসেনার হাতে আসেনি।