Advertisement
E-Paper

ফ্রান্সে অশান্তি বাড়ছে, প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল নয়াদিল্লি, জমায়েত এড়ানোর পরামর্শ, আর কী বার্তা

গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের নানা প্রান্তে বিক্ষোভ-অশান্তি চলছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, দেদার লুটপাট, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে প্যারিস-সহ একাধিক শহরে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৮:৫৩
ফ্রান্সের রাস্তায় পুলিশের মুখোমুখি বিক্ষোভকারীরা।

ফ্রান্সের রাস্তায় পুলিশের মুখোমুখি বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স।

ফ্রান্সে বিক্ষোভ-অশান্তির মধ্যেই প্রবাসী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করল ভারত সরকার। প্যারিসে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে বুধবার একটি বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত এড়িয়ে চলতে হবে। যাঁরা এর মধ্যে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদেরও এই নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।

ভারতীয়দের উদ্দেশে দূতাবাসের বার্তা, ‘‘সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে ফ্রান্সে আঞ্চলিক ভাবে কিছু কিছু জায়গায় কার্ফু জারি করা হয়েছে। দয়া করে সজাগ ও সতর্ক থাকুন। বড়সড় জমায়েত বা ভিড় এড়িয়ে চলুন। যে সমস্ত জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সেখানে যাবেন না। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন।’’ এ ছাড়া, বিপদ এ়ড়াতে সবসময় স্থানীয় ঘটনাবলির খবরাখবর রাখার পরামর্শও দেওয়া হয়েছে প্রবাসীদের। দূতাবাসের সঙ্গে যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া হয়েছে বুধবারের বিবৃতিতে। এর আগে ইটালিতে অবস্থিত ভারতীয় দূতাবাসও সেখানকার প্রবাসীদের জন্য অনুরূপ নির্দেশিকা জারি করেছিল।

গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের নানা প্রান্তে বিক্ষোভ-অশান্তি চলছে। স্কুল-কলেজের পরিকাঠামো, কর্মচারীর অভাব থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে জনগণ। প্রাথমিক ভাবে ছাত্রসমাজ পথে নামলেও ক্রমে তা বৃহত্তর আকার নিয়েছে। অভিযোগ, ফ্রান্সে জীবনযাপনের খরচ ঊর্ধ্বমুখী। দিন দিন জনকল্যাণমূলক পরিষেবাগুলির মান পড়ছে। উন্নত পরিষেবার দাবিতে ছাত্রসমাজের এই বিক্ষোভ বিভিন্ন জায়গায় হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, দেদার লুটপাট, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে প্যারিস, মার্সেলি, লিয়নের মতো শহরে। পরিস্থিতি সামলাতে পুলিশ কার্ফু জারি করেছে। আটক করা হয়েছে বহু মানুষকে। বৃহস্পতিবার এবং শনিবার নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। তাকে কেন্দ্র করে আবার অশান্তি বাড়তে পারে।

ফ্রান্সের পরিস্থিতির দিকে নজর রাখছে বিশ্ব। ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বুধবার দিল্লি হাই কোর্টের বিচারপতি বিদেশে ছাত্রবিক্ষোভ থেকে অশান্তির দৃষ্টান্ত দেন। কোনও দেশের নাম না করলেও ফ্রান্সের কথা তিনি বলে থাকতে পারেন বলে অনেকের মত। আদালতের বক্তব্য ছিল, সিজেপি নেতাদের ডাকা আন্দোলনে জমায়েতকে যদি সামাল না দেওয়া যায়, তবে বিদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতে যাতে তেমন পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করা দরকার।

france Indian Embassy Paris

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy