ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলার ঘটনার প্রেক্ষিতে এ বার ইরানের কূটনীতিককে তলব করল ভারত সরকার। দিল্লিতে ইরানি দূতাবাসের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে বিদেশ মন্ত্রকে। মঙ্গলবার সকালেই হরমুজ়ে দু’টি তৈলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও ছয় ভারতীয়। ওই হামলার পর পরই এ বার ইরানের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠাল নরেন্দ্র মোদীর সরকার।
ওমানের জলসীমায় মঙ্গলবার ভোরে যে হামলা হয়েছে, তার নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। পরে বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানি দূতাবাসের উপরাষ্ট্রদূতকে ডেকে ওই হামলার প্রতিবাদ জানানো হয়েছে।বিবৃতিতে ভারত বলেছে, “নাবিকদের উপর হামলা এবং হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে অবাধ যাতায়াতে বিঘ্ন ঘটানোর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পশ্চিম এশিয়ায় ফের সংঘাত বৃদ্ধির ঘটনাতেও আমরা উদ্বিগ্ন।” নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে।
রবিবারও ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইরান। জাহাজটিতে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। ক্ষেপণাস্ত্র হামলার পর তাঁদের মধ্যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছিল। ওই হামলার পর পরই নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল নয়াদিল্লি। বাণিজ্যিক জাহাজের উপর অনবরত যে ভাবে হামলা হয়ে চলেছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলেও জানিয়েছিল ভারত সরকার। তবে ওই হামলার পরে ইরানের দূতাবাসের কোনও আধিকারিককে তলবের খবর প্রকাশ্যে আসেনি।
ওই হামলার দু’দিনের মাথায় ফের ভারতীয় নাবিকবাহী জাহাজের উপর হামলা হতেই আরও কঠোর কূটনৈতিক পদক্ষেপ করল নয়াদিল্লি। ডেকে পাঠানো হল দিল্লিতে ইরানি দূতবাসের ডেপুটি চিফ অফ মিশন মুহাম্মদ জাভেদ হুসেনিকে। পর পর এই হামলাগুলিতে নয়াদিল্লি যে তেহরানের উপরে অসন্তুষ্ট, তা এই তলব থেকেই অনুমেয়।
আরও পড়ুন:
মঙ্গলবার ভোরে তেলবাহী দু’টি ট্যাঙ্কার— মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। সংযুক্ত আরব আমিরশাহি জানাচ্ছে, হামলার সময়ে দু’টি জাহাজই ওমানের জলসীমায় ছিল। সেখানে তাদের উপর হামলা হয়েছে। ইরানি আক্রমণে নিহত ভারতীয় নাবিক ছিলেন মোম্বাসা জাহাজে। জখম ছ’জন কোন জাহাজে ছিলেন, তা প্রাথমিক ভাবে জানা যায়নি।
হামলার পরে ইরানি সেনা একটি বিবৃতিতে দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করেই হরমুজ় দিয়ে এগোচ্ছিল জাহাজগুলি। নেভিগেশন সিস্টেম (দিকনির্ণয় ব্যবস্থা) বন্ধ করে দিয়ে মাইন পাতা একটি পথ দিয়ে এগোনোর চেষ্টা করছিল ওই দু’টি ট্যাঙ্কার। তাই সেগুলিতে হামলা করে অচল করে দেওয়া হয়েছে।