Advertisement
E-Paper

মোজতবা খামেনেই ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গিয়েছেন! অন্তরালে থাকা ইরানের সর্বোচ্চ নেতার সুস্থতা নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় গুরুতর ভাবে জখম হয়েছিলেন খামেনেই-পুত্র মোজতবাও। তার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। তবে একাধিক বার তাঁর বক্তব্য প্রকাশ করেছে তেহরান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৯:৩৯
(বাঁ দিকে) মোজতবা খামেনেই এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) মোজতবা খামেনেই এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গিয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন হওয়ার পর থেকেই আর প্রকাশ্যে দেখা যায়নি মোজতবাকে। এমনকি প্রয়াত পিতা তথা ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনেইয়ের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। এই আবহে ট্রাম্পের এই মন্তব্য মোজতবার শারীরিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ইরানকে তোপ দাগেন ট্রাম্প। দাবি করেন যে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সেনাবাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। ইরানের সেরা নেতারাও প্রায় প্রত্যেকে নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, “ওদের (ইরান) কোনও নৌবাহিনী নেই। বায়ুসেনাও নেই। সব শেষ হয়ে গিয়েছে। ওদের নেতারাও নিহত হয়েছেন। সবাই মারা গিয়েছেন। খোমেইনিও শেষ।” প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর সে দেশের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছিলেন রুহোল্লা খোমেইনি। ১৯৮৯ সালে তিনি মারা যান। তার পর খোমেইনির স্থলাভিষিক্ত হন খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় তাঁর। ট্রাম্পের মন্তব্য থেকেই স্পষ্ট যে, তিনি খামেনেই এবং খোমেইনিকে গুলিয়ে ফেলেছেন।

আমেরিকা-ইজ়রায়েলের যৌথ হামলায় গুরুতর ভাবে জখম হয়েছিলেন খামেনেই-পুত্র মোজতবাও। তার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। তবে একাধিক বার তাঁর বক্তব্য প্রকাশ করেছে তেহরান। এর আগে ইরানের একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছিল যে, জখম মোজতবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ট্রাম্পের দাবি মোজতবার সুস্থতা নিয়েই ফের প্রশ্ন তুলে দিল।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
US Iran Donald Trump Mojtaba Khamenei

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy