শুক্রবার প্রতিকূল আবহাওয়ার জন্য বিরসা মুণ্ডা বিমানবন্দর থেকে অন্তত ২৪টি উড়ানের ওঠানামা বাতিল করল ইন্ডিগো। এর মধ্যে আগমন ও প্রস্থান মিলিয়ে ছিল ১২ জোড়া উড়ান। এ ছাড়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ানের সময়সূচি পরিবর্তন হয়েছে।
২৫ সেপ্টেম্বর রাঁচিতে আবহাওয়া খারাপ থাকার কারণেই বাতিল হয়েছে উড়ানগুলি, ইন্ডিগোর তরফে এমনটাই জানানো হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ করতে, যাতে বাতিল হওয়া উড়ানগুলি ফের কখন চলাচল করবে, সে সম্পর্কে তাঁরা জানতে পারেন।
আরও পড়ুন:
কলকাতা, পুণে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, অহমদবাদ, পটনা ও দিল্লির বেশ কয়েকটি উড়ান বাতিল হয়েছে। কলকাতা-রাঁচি-কলকাতার ৬ই ৭৫৬১/৭৫৬২, পুণে-রাঁচি-বেঙ্গালুরুর ৬ই ৬৪৮৪/৬৭৯৯, হায়দরাবাদ-রাঁচি-হায়দরাবাদের ৬ই ৪২১/৩৯৮ ও মুম্বই-রাঁচি-মুম্বইের ৬ই ৬০৮৭/৬০৮৮ – এই উড়ানগুলি বাতিল হয়েছে।
অহমদাবাদ-রাঁচি-পটনা, দিল্লি-রাঁচি-দিল্লি, পটনা-রাঁচি-অহমদাবাদ, বেঙ্গালুরু-রাঁচি-পুণে ও কলকাতা-রাঁচি-কলকাতারও কয়েকটি উড়ান বাতিল হয়েছে।
শুধু ইন্ডিগো নয়, অন্য বিমান সংস্থাগুলিও কয়েকটি উড়ানের সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দিল্লি থেকে রাঁচির উড়ান আইএক্স ১০৪৬-র অবতরণ করার কথা ছিল সকাল ৮টা বেজে ৪০ মিনিটে। উড়ানটি বিমানবন্দরে এসে পৌঁছোয় সকাল ১০টা নাগাদ। রাঁচি থেকে ফের সকাল ৯টা বেজে ১০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার। কিন্তু অবতরণে দেরি হওয়ার ফলে সেই উড়ান রওনা দেয় প্রায় সকাল ১১টা নাগাদ। বিমান পরিষেবায় বিঘ্নের ফলে বিপাকে পড়েছেন বহু যাত্রী।