Advertisement
E-Paper

এশিয়ান গেমসে ভারতের তৃতীয় সোনা, হাড্ডাহাড্ডি ফাইনালে ইরানকে হারিয়ে মেয়েদের কবাডিতে চ্যাম্পিয়ন

এই নিয়ে চার বার এশিয়ান গেমসে মহিলাদের কবাডিতে সোনা জিতল ভারত। শনিবার ফাইনালে ইরানের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে শুরু করেও এক সময় চাপে পড়ে যায় ভারতীয় দল। যদিও সোনা হাতছাড়া হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮
Picture of Sports

সোনা জয়ের উচ্ছ্বাস মহিলা কবাডি দলের। ছবি: পিটিআই।

প্রত্যাশা মতোই মহিলাদের কবাডিতে সোনা জিতল ভারত। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারাল ভারতীয় দল। নাগোয়া এশিয়ান গেমস থেকে তৃতীয় সোনা ভারতের। এই নিয়ে এশিয়ান গেমসে চতুর্থ বার সোনা জিতল ভারতের মহিলা কবাডি দল।

মহিলাদের কবাডিতে আরও এক বার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। ইরান কঠিন প্রতিপক্ষ হলেও সোনা জিতেই ম্যাট ছেড়েছেন ভারতের খেলোয়াড়েরা। প্রথমার্ধে দাপট ছিল ভারতীয় দলের। আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়েরা। ২২-১৬ ব্যবধানে জেতে ভারত। এক বার ইরানকে অলআউট করে দেয় ভারতীয় দল।

পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি ইরান। দ্বিতীয়ার্ধে শক্তিশালী ভাবে লড়াইয়ে ফেরে তারা। এ সময় ইরানের আগ্রাসী কবাডির সামনে ভারতীয় দলকে কিছুটা সমস্যায় পড়তে হয়। এক বার অলআউটও হয়ে যায় ভারত। সমানে সমানে লড়াইয়ের পর ইরান দ্বিতীয়ার্ধ ১৮-১৫ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে। যদিও তাতে লাভ হয়নি। প্রথমার্ধে ৬ পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে শেষ পর্যন্ত ভারত ফাইনাল জিতে নেয় ৩৭-৩৪ ব্যবধানে।

নাগোয়া গেমসে প্রথম সোনা দেয় মহিলাদের ক্রিকেট দল। দ্বিতীয় সোনা আসে শুটিংয়ের মিক্সড ডাবলস থেকে। তৃতীয় সোনা জিতল মেয়েদের কবাডি দল। অর্থাৎ ভারতের প্রথম তিন সোনাতেই অবদান থাকল মহিলা ক্রীড়াবিদদের।

Kabaddi gold medal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy