Advertisement
E-Paper

‘অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল হবে’, ঘোষণা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তের, তবে সন্তুষ্ট নয় পড়ুয়ারা

জেপিএসসি (সিজিএল) এবং জেএসএসসি পরীক্ষা বাতিলের পাশাপাশি ২০১৪ সাল থেকে বিভিন্ন পরীক্ষার ছোট-বড় সমস্ত ত্রুটির অভিযোগের তদন্ত করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ২৩:৪৮
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ছবি: পিটিআই।

অনিয়মের অভিযোগের কারণে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে। সোমবার রাতে এ কথা জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসকদল জেএমএমের প্রধান হেমন্ত সোরেন। তিনি বলেন, ‘টিএসআর ডেটা প্রসেসিং লিমিটেড’-এর দ্বারা পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা পদ্ধতি সংস্কারের উদ্দেশ্যে সরকার কমিটি গঠন করবে। কমিটির নেতৃত্বে থাকবেন প্রবীণ আইএএস আধিকারিক অমিতাভ কৌশল।’’ প্রসঙ্গত, ঝাড়খণ্ডে কালো তালিকাভুক্ত সংস্থা টিএসআর-এর ‘ডেটা প্রসেসিং লিমিটেড’কে ঘুষের বিনিময়ে পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) নিয়োগ পরীক্ষার দায়িত্ব দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান খিয়াঙ্গতেকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড সিআইডি।’’ হেমন্ত জানিয়েছেন, সংসদের সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাস হওয়া প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল (পাবলিক এগ্‌জ়ামিনেশন—প্রিভেনশন অফ আনফেয়ার মিনস—অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬) অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে।

ঘটনাচক্রে, জেপিএসসি (কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা সিজিএল) এবং জেএসএসসি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার জেরে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীতে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভের মধ্যেই সোমবার হেমন্তকে চিঠি লিখেছিলেন সহযোগী দল কংগ্রেসের নেতা রাহুল গাঁধী। চিঠিতে বিক্ষোভরত পড়ুয়াদের দাবিদাওয়াকে ‘ন্যায়সঙ্গত’ বলে জানান লোকসভার বিরোধী দলনেতা। সেই সঙ্গে জোটশরিক হেমন্তকে রাহুলের পরামর্শ, “প্রতিবাদী পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে নিজে কথা বলুন।” রাহুলের চিঠির পরেই নতুন পদক্ষেপের কথা ঘোষণা করলেন হেমন্ত। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘জেপিএসসি (সিজিএল) এবং জেএসএসসি পরীক্ষা বাতিলের পাশাপাশি ২০১৪ সাল থেকে বিভিন্ন পরীক্ষার ছোট-বড় সমস্ত ত্রুটির অভিযোগের তদন্ত করা হবে।"

তবে তাঁর ওই ঘোষণার পরেই আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন তাঁরা সন্তুষ্ট নন। প্রসঙ্গত, সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা গত ২৫ দিন ধরে রাঁচীতে অবস্থান-বিক্ষোভ করছেন। ২ অগস্ট থেকে অনশন করছেন তরুণ সমাজসৈনিক দেবেন্দ্রনাথ মাহাতো। কিন্তু সে রাজ্যের জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের সরকার আন্দোলনকারীদের প্রতি কোনও সহানুভূতি দেখায়নি বলে অভিযোগ। মানা হয়নি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) নিয়োগ পরীক্ষায় অনিয়মের ঘটনার সিবিআই তদন্তের দাবি। গত ১০ অগস্ট বিধানসভা অভিযান ঘিরে অশান্তির পরে অবশ্য পুলিশি নিপীড়নের সমালোচনা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। তিনি বলেন, “ঝাড়খণ্ডে প্রতিবাদরত পড়ুয়াদের উপর বলপ্রয়োগ করা অন্যায়। শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে পড়ুয়াদের।”

Jharkhand Hemant Soren

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy