ইনস্টাগ্রামে একটি মেসেজে পাওয়ার পরই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কিশোর। তার পর দিনই একটি ফাঁকা জায়গা থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হল তার। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম এমডি অভিরাম। রবিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি মেসেজ পায় সে। তার পরই বাড়িতে বলে যায় বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছে। রাত ৮টা বেজে গেলেও অভিরাম না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। তারা স্থানীয় শ্রীকরিয়ম থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, তাঁকে মেসেজ করে ডাকা হয় পাঙ্গাপপারা এলাকায়। ঘটনাচক্রে, ওই এলাকা থেকেই একটি বস্তার ভিতরে অভিরামের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে অভিরামের তিন বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্যে এক কিশোরীও ছিল। ওই কিশোরীর সঙ্গে অভিরামের প্রেমের সম্পর্ক ছিল। তার জেরেই খুন কি না খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই অভিরামের দুই বন্ধু এবং এক কিশোরীকে আটক করেছে পুলিশ। জেরায় কিশোরী পুলিশের কাছে দাবি করেছে, তার দুই বন্ধু মিলে অভিরামকে খুন করে। তার পর স্থানীয় এক দুষ্কৃতীকে ডেকে তার দেহ বস্তায় ভরে ফেলে দেওয়া হয়। অভিরামের হাত-পা বাঁধা ছিল। পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত নাবালকদের মধ্যে এক জনের অপরাধের ইতিহাস রয়েছে। ডাকাতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শ্রীকরিয়ম থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সজু কুমার জানিয়েছেন, পরিকল্পিত ভাবে খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।