Advertisement
E-Paper

‘লাল টি-শার্টে দারুণ দেখাচ্ছে’! দিল্লি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে দেখে টিপ্পনী, আপত্তি জানাতেই পিছু ধাওয়া করে হেনস্থা, ধৃত ২

ছাত্রীদের অভিযোগ, মরিসনগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের বলা হয়, যেখানে ঘটনা ঘটেছে, সেই এলাকা ওই থানার অন্তর্গত নয়। তার পর ৪-৫ ঘণ্টা ধরে তিনটি থানায় ঘোরেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫১
অভিযোগকারিণী। ছবি: সংগৃহীত।

অভিযোগকারিণী। ছবি: সংগৃহীত।

দিল্লির মুখার্জিনগরে সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে হেনস্থার শিকার হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। তাঁরা যখন হাঁটছিলেন, সেই সময় পিছন থেকে একটি সাদা রঙের এসইভি গতি কমিয়ে তাঁদের পাশে পাশে চলতে থাকে। অভিযোগ, ওই দুই ছাত্রীর এক জনকে লক্ষ্য করে গাড়ির ভিতর থেকে মন্তব্য উড়ে আসে, ‘‘লাল টি-শার্টে দারুণ দেখাচ্ছে তোমাকে!’’ তাঁর টি-শার্টে লেখা ছিল ‘আরবান মাইন্ডসেট’।

আচমকা গাড়ি থেকে এমন টিপ্পনী উড়ে আসায় দুই ছাত্রী প্রতিবাদ করেন। তাঁরা রুখে দাঁড়ান। অভিযোগ, আপত্তি জানাতেই দুই ছাত্রীকে লক্ষ্য করে আবার অশ্রাব্য ভাষায় গালাগালি দেন গাড়ির সওয়ারিরা। শুধু তা-ই নয়, এখানেই থামেননি ওই যুবকেরা। গাড়ি নিয়ে দুই ছাত্রীর পিছু ধাওয়াও করেন। এই পরিস্থিতি দেখে তাঁরা ফোন বার করে অভিযুক্তদের ভিডিয়ো করতে শুরু করেন।

দুই ছাত্রীর দাবি, আচমকাই যুবকেরা আরও কাছে এসে তাঁদের জোর করে গাড়িতে টেনে তোলার চেষ্টা করেন। তাঁরা ভিডিয়ো করা শুরু করলেই যুবকেরা পালিয়ে যান। বুধবার রাত সাড়ে ৯টায় এই ঘটনা ঘটেছে। ছাত্রীরা জানিয়েছেন, বিজয়নগর হকিকত পার্কে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে হেঁটে ফিরছিলেন। পথে এই ঘটনার শিকার হতে হয় তাঁদের।

এক ছাত্রীর কথায়, ‘‘যখন আমরা দু’জনেই ওই যুবকদের মন্তব্যে আপত্তি জানাই, ওরা আমাদের গালাগালি দিতে শুরু করে। শুধু তা-ই নয়, আমাদের পিছু নেয়।’’ ছাত্রীদের অভিযোগ, মরিসনগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের বলা হয়, যেখানে ঘটনা ঘটেছে, সেই এলাকা ওই থানার অন্তর্গত নয়। ৪-৫ ঘণ্টা ধরে তিনটি থানায় ঘোরেন তাঁরা। ছাত্রীদের অভিযোগ, কোনও থানা প্রথমে এফআইআর নিতে চায়নি। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হয়নি তৎক্ষণাৎ। শেষে মুখার্জিনগর থানায় এসে অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার অভিনব এবং এভিমন্যু নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। নমন নামে আরও এক অভিযুক্ত পলাতক। জেরায় ধৃতেরা জানিয়েছেন, তাঁরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের পড়ুয়া। বিহারের বাসিন্দা। তাঁদের দাবি, মত্ত অবস্থায় এই কাজ করেছেন। অভিযুক্ত এবং অভিযোগকারীদের দাবি খতিয়ে দেখছে পুলিশ।

Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy