অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মরিগাঁওয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে আরও তিন জনকে। ধৃতের নাম আব্দুল মোতালেব। পেশায় তিনি একজন দর্জি।
অভিযোগ, স্বাধীনতা দিবসে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তৃতার লাইভ স্ট্রিমিং চলাকালীন সেই সম্প্রচারে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ওই বিষয়টি পুলিশের সাইবার শাখার নজরে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ফোন থেকে এই হুমকি দেওয়া হয়েছে, সেটি মরিগাঁওয়ের আব্দুল মোতালেব নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত। তার পরই পদক্ষেপ করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গুয়াহাটির খানাপাড়ায় মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা করছিলেন। সেই কর্মসূচির লাইভ স্ট্রিমিং হচ্ছিল। অভিযোগ, সেই সময় আব্দুল মোতালেব মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন। তাঁকে যদি কেউ ১ কোটি টাকা দেন তিনি এ কাজ করতে রাজি আছেন বলেও সমাজমাধ্যমে লেখেন অভিযুক্ত। এই ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তের বাবা, ভাই এবং আরও একজনকে আটক করা হয়েছে।
তদন্তকারী সূত্রের খবর, যে অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়েছিল সেটি আব্দুল নিজে পরিচালনা করছিলেন, না কি অন্য কেউ তা খতিয়ে দেখা হচ্ছে। আব্দুলকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। এ ছাড়াও অভিযুক্তের ডিজিটাল তথ্যও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।