বন্দুক উঁচিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ওড়িশার ভুবনেশ্বরে। ধরতে গেলে অভিযুক্ত যুবক হামলা চালান পুলিশের উপর। পাল্টা গুলিতে জখম হন অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর-কটক পুলিশ কমিশনারেটে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ভুবনেশ্বরে ২৬ বছর বয়সি এক যুবতীকে ভাড়া করা ফ্ল্যাটে ঢুকে বন্দুক তাক করে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার সময় অভিযুক্ত মুখোশ পরে ছিলেন বলে জানান অভিযোগকারিনী। অভিযোগ পেয়ে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ।
আরও পড়ুন:
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার অভিযুক্তকে ধরতে জাল বিছায় পুলিশ। ভুবনেশ্বরের ডিসিপি সরভানা বিবেক এম জানান, বাইকে চেপে কোথাও যাচ্ছিলেন অভিযুক্ত। সেই সময়ই তাঁকে ধরতে গেলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান পুলিশের উপরই। অভিযুক্তকে প্রতিহত করতে গুলি চালায় পুলিশ। গুলি লাগে অভিযুক্তের ডান পায়ে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিবেক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গত কয়েক বছর ধরে ভুবনেশ্বরে থাকছিলেন অভিযুক্ত। অভিযোগকারিনী তাঁকে চিনতেন না।