কৌতুকশিল্পীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন তিনি। শনিবারের সেই ঘটনার পর রবিবার রাহুল গাঁধীর শালীনতাবোধ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু বলেন, “কংগ্রেস এখন কৌতুকাভিনেতা এবং জোকারদের পার্টি হয়ে উঠেছে।”
শনিবার বিজেপিশাসিত মধ্যপ্রদেশের ইনদওরে পড়়ুয়াদের নিয়ে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাহুল। সেখানেই কৌতুকশিল্পী পুলকিত মণির সঙ্গে কৌতুকাভিনয় করেন তিনি। মূলত পুলকিতই মোদীর বাচনভঙ্গি, আচরণ নকল করে দেখান। প্রধানমন্ত্রী বিদেশি রাষ্ট্রপ্রধানদের যে ভাবে জড়িয়ে ধরেন, যে ভাবে ‘মাই ফ্রেন্ড’ বা আমার বন্ধু বলে সম্বোধন করেন, ঠিক সেই ভাবেই রাহুলকে জড়িয়ে ধরেন পুলকিত।
আরও পড়ুন:
রবিবার বিষয়টি নিয়ে আসরে নামে বিজেপি। দলের মুখপাত্র সিআর কেশবন সমাজমাধ্যমে লেখেন, “রাহুল গাঁধী যে ভাবে অশ্লীল সংস্কৃতিকে সমর্থন করলেন, তা থেকেই বোঝা যায় যে, কেন তিনি যুবসমাজের সঙ্গে সংযোগস্থাপনে ব্যর্থ। বিষয়টি আগেই তুলে ধরেছিলেন কংগ্রেসের সদস্য শশী তারুর।” দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর পরাজয় নিয়েও রাহুলকে খোঁচা দেন কংগ্রেসের এই নেতা।
কৌতুকাভিনয়ের একটি অংশে দেখানো হয়, প্রধানমন্ত্রী মোদী বিজেপির একটি সভায় উপস্থিত থাকা এক বৃদ্ধ মহিলাকে আসন দেওয়ার জন্য উদ্যোক্তাদের অনুরোধ করছেন। বিজেপির অভিযোগ, রাহুল প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মাকেও অপমান করেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, পড়ুয়াদের সঙ্গে মত বিনিময়ের নামে প্রধানমন্ত্রী মোদীজির প্রয়াত মাকে অপমান করা হয়েছে। ন্যূনতম সহানুভূতি এবং রাজনৈতিক সংস্কৃতির অভাব দেখা যাচ্ছে।”
রাহুল অবশ্য ইনদওরের কর্মসূচি থেকে ফের বিজেপিকে চড়া সুরে আক্রমণ শানান। দাবি করেন, ‘সরকারি ব্যবস্থা’ এখন পড়ুয়াদের বদলে শুধু ‘অন্ধ ভক্ত’ চায়। লোকসভার বিরোধী দলনেতা বলেন, “এখন ‘সরকারি ব্যবস্থা’ ছাত্রদের ভয় পেতে শুরু করেছে। কারণ ছাত্ররা প্রশ্ন করছেন। তাঁরা প্রশ্ন করছেন, অমিত শাহের ছেলে কী ভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে গেলেন? কী ভাবে দু’জন শিল্পপতি দেশের সমস্ত শিল্প, ব্যবসা দখল করে ফেলেছেন? কেন বিচারবিভাগ নিজের কাজ করতে ব্যর্থ? কেন নির্বাচন কমিশন তার কর্তব্য পালন করছে না? ‘‘সেই কারণেই এই ‘সিস্টেম’ ছাত্রদের চায় না। শুধু অন্ধ ভক্ত চায়। কারণ অন্ধ ভক্ত নিজের খেয়ালের জগতে বাস করে।’’