উত্তরপ্রদেশে একটি সরকারি গণবিবাহ কর্মসূচিতে নবদম্পতিদের উপহার দেওয়া গদিতে দেখা গেল তৃণমূলের নাম এবং নির্বাচনী প্রতীক জোড়াফুল! ঘটনার জেরে তৈরি হয়েছে বিতর্ক। সে রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
উত্তরপ্রদেশের ‘বাণিজ্যিক রাজধানী’ কানপুর লাগোয়া উন্নাও জেলায় গত ২৪ জুলাই ওই ঘটনা ঘটেছে। গণবিবাহে উপহারের আয়োজন ও বিতরণের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। আরও দু’জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে গদি সরবরাহকারী সংস্থাকে। থানায় দায়ের করা হয়েছে এফআইআর।
সরকারি সূত্রের খবর, ‘মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা’য় আয়োজিত ওই অনুষ্ঠানে নবদম্পতিদের উপহারসামগ্রী বিতরণের দায়িত্বে থাকা জেলা সহকারী উন্নয়ন কর্মকর্তা এবং গ্রামোন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করা হয়েছে। এ ছাড়া, উন্নাও জেলা সমাজকল্যাণ কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘উন্নাওয়ের জেলাশাসক ঘনশ্যাম মীনা ২৪ জুলাই বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টারে জেলা সমাজকল্যাণ কর্মকর্তার দফতরের উদ্যোগে আয়োজিত মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনায় দম্পতিদের উপহার হিসেবে দেওয়া গদিগুলির মধ্যে টিএমসি-র পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছাপযুক্ত গদি বিতরণের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন’।
আরও পড়ুন:
জেলাশাসক প্রধান উন্নয়ন কর্মকর্তা (সিডিও) ক্রাতি রাজের নেতৃত্বে গঠিত একটি কমিটিকে অবিলম্বে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। কমিটিতে অতিরিক্ত জেলাশাকক (অর্থ ও রাজস্ব), সিনিয়র ট্রেজ়ারি কর্মকর্তা এবং উপ-আয়ুক্ত (শিল্প) ছিলেন। জেলাশাসকের কাছে জমা দেওয়া রিপোর্টে জানানো হয়, মোট ৪৫৯ দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছে এবং প্রত্যেক দম্পতিকে দু’টি করে গদি দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘মোট ৯১৮টি গদির মধ্যে এক বা দু’টি গদির কভারে একটি রাজনৈতিক দলের প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নকশা ছিল’। উন্নাওয়ের জেলা উন্নয়ন কর্মকর্তা ক্রাতি রাজ বলেন, “সংবাদমাধ্যমের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গিয়েছিল যে নবদম্পতিদের দেওয়া কিছু গদিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং তাদের নির্বাচনী প্রচারের সামগ্রীর সঙ্গে কিছুটা সাদৃশ্য দেখা যাচ্ছে। গদিগুলির ছবিতে দেখা গিয়েছে, তাতে ‘টিএমসি’ লেখা রয়েছে এবং দলের প্রতীক— ‘ঘাসের উপর জোড়াফুল’ আঁকা রয়েছে। তবে গেরুয়া, সাদা এবং সবুজ—এই তিনটি রঙের বিন্যাস তৃণমূলের পতাকার থেকে ভিন্ন।’’