জম্মু-কাশ্মীরের খুর সেক্টরে পাকিস্তানের নজরদারি ড্রোনকে গুলি করে নামাল সেনা। নিয়ন্ত্ররেখা পেরিয়ে ড্রোনটি ভারতের সীমায় ঢুকে পড়তেই নজরে আসে টহলরত সেনার। তার পরই সেটিকে গুলি করে নামানো হয় বলে সেনা সূত্রে খবর।
সেনা সূত্রে দাবি করা হয়েছে, এই ধরনের ড্রোনগুলি ভারতীয় সেনার গতিবিধির উপর নজরদারি চালাতে ব্যবহার করে পাকিস্তান। এর আগেও বেশ কয়েক বার এমন ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণরেখায়। বেশির ভাগ ক্ষেত্রেই সেই নজরদারি ড্রোনগুলিকে গুলি করে নামানো হয়েছে। অনেক সময় মাদক এবং অস্ত্রপাচারেও ড্রোন ব্যবহার করা হয়।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ড্রোনে শক্তিশালী ক্যামেরা লাগানো ছিল। ৬৩ জিবির একটি মেমরি কার্ড উদ্ধার হয়েছে। সেই কার্ড থেকে ভারতীয় সেনার বেশ কিছু ছবি উদ্ধার হয়েছে বলে সেনা সূত্রের খবর। ড্রোনটি চিনের তৈরি বলে জানিয়েছে সেনা। ড্রোন এবং মেমরি কার্ড ফরেনসিক গবেষণাগারে পাঠানো হয়েছে। কোন কোন জায়গার ছবি তুলেছে ড্রোনটি, সেই তথ্য জানার চেষ্টা চলছে।