Advertisement
E-Paper

হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’! নাকা চেকিংয়ে ধরা পড়তেই পুলিশের সঙ্গে গুলির লড়াই

গত বুধবার সন্ধ্যায় জিম থেকে ফেরার পথে আক্রান্ত হন হরিয়ানার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অঙ্কিত। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে মোট ১৮ রাউন্ড গুলি চালানো হয়েছিল। দু’টি বাইকে এসেছিলেন চার জন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৬ ০৭:৫৮
হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ান।

হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ান। —ফাইল চিত্র।

হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ানের খুনের ঘটনায় দুই সন্দেহভাজন শুটারের মৃত্যু হল ‘এনকাউন্টার’-এ। উত্তরপ্রদেশের শামলি জেলায় নাকা চেকিংয়ে তাঁরা ধরা পড়ে যান। তখনই পুলিশের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। পুলিশি গুলিতে তাঁরা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়। অভিযোগ, পুলিশকে আক্রমণ করে তাঁরা পালানোর চেষ্টা করছিলেন।

গত বুধবার সন্ধ্যায় শামলিতেই জিম থেকে ফেরার পথে রাস্তায় আক্রান্ত হন অঙ্কিত। হরিয়ানার সঙ্গীতজগতে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। অভিযোগ, দু’টি বাইকে মোট চার জন এসেছিলেন তাঁকে মারতে। অঙ্কিতকে লক্ষ্য করে তাঁরা পর পর গুলি চালান। মোট ১৮ রাউন্ড গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন অঙ্কিত। দ্রুত উদ্ধার করে নিকটবর্তী কমিউনিটি হেল্‌থ সেন্টারে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। সমাজমাধ্যমে অঙ্কিত খুনের দায় স্বীকার করেছিল একটি গোষ্ঠী। ‘গোগী গ্যাং’-এর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

‘এনকাউন্টার’-এর বর্ণনা দিতে গিয়ে শামলির পুলিশ সুপার নরেন্দ্রপ্রতাপ সিংহ সোমবার সংবাদসংস্থা এএনআই-কে জানান, গোপন সূত্রে খবর পেয়ে শামলিতে প্রবেশ এবং প্রস্থানের পথে কড়া প্রহরা বসানো হয়েছিল রবিবার রাত থেকে। ‘চেকিং’ ছাড়া কোনও গাড়ি বা বাইককে যেতে দেওয়া হচ্ছিল না। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ভোর ৪টে নাগাদ কর্তব্যরত এসএইচও বীরেন্দ্র কাসানা কারনালের দিক থেকে একটি বাইক আসতে দেখেন। সেটিকে আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। বীরেন্দ্র অল্পের জন্য বেঁচে গেলেও তাঁর গাড়িতে গুলি লাগে। দ্রুত অন্যান্য পয়েন্টে থাকা পুলিশ আধিকারিকদের তিনি সতর্ক করে দেন।

এর পর দুষ্কৃতীদের বাইকটি কাইরানা এলাকার দিকে ঘুরে যায়। সেখানে এসএইচও ধর্মেন্দ্র গৌতম ছিলেন। তিনিও ওই বাইকটি থামানোর চেষ্টা করেন। দুষ্কৃতীদের গুলিতে তাঁর গাড়ির উইন্ডশিল্ড ভেঙে গিয়েছে। ততক্ষণে সব পয়েন্টেই পুলিশ সতর্ক হয়ে গিয়েছিল। এর পরেই দু’জন গুলিবিদ্ধ হন। তবে ঠিক কী কারণে অঙ্কিতকে খুন করা হয়েছে, কারও সঙ্গে তাঁর পুরনো শত্রুতা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।

Murder Case Haryana Uttar Pradesh Police Encounter Killing

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy