তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা টিভিকে-র প্রতিষ্ঠাতা-প্রধান সি জোসেফ বিজয়ের মায়ের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠল সে রাজ্যের বিজেপি সভাপতি নায়নার নগেন্দ্রনের বিরুদ্ধে। বিজয়ের এক অনুগামী এ নিয়ে রবিবার তামিলনাড়ু পুলিশের ডিজির কাছে একটি অভিযোগপত্র পাঠিয়েছেন।
অভিযোগকারী পুলিশকে ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করতে, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নগেন্দ্রনের মন্তব্যগুলির সত্যতা সম্পর্কে তদন্ত করতে এবং মানহানি ও জনসমক্ষে অসদাচরণের জন্য যথাযথ ফৌজদারি মামলা শুরু করার আবেদন জানিয়েছেন। চেন্নাই পুলিশ রবিবার জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হবে তথ্যপ্রমাণ।
আরও পড়ুন:
চেন্নাইয়ে বিজেপির রাজ্য সদর দফতর কমলালয়মে নগেন্দ্রন শনিবার ডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বিজয়ের একটি মন্তব্যের প্রসঙ্গ টানেন। তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে জমানায় কিছু বিতর্কিত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে বিজয় সে দিন স্ট্যালিনকে প্রশ্ন করেছিলেন ‘‘বাবা (তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধি) কোথায়?’’ নগেন্দ্রন এর পরেই বিজয়ের মাকে ইঙ্গিত করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ।