প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসের আগে নিয়ম করে ভারত-বিরোধী প্রচারে নামত তারা। বিদেশে ভারতীয় কূটনৈতিক মিশন ঘিরেও তাদের নানা কর্মসূচি ও হুমকির অভিযোগ রয়েছে। পলাতক খলিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিংহ পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজধানী দিল্লির বুকেই ব্রিক্স শীর্ষবৈঠকের বিরুদ্ধে প্রচারে নামল!
রাজধানী দিল্লি এবং হরিয়ানা রাজ্যের সোনিপত জেলার সিঙ্ঘু সীমান্তে শনিবার জমায়েত হয়ে ব্রিক্স ও ভারত বিরোধী স্লোগান দেন পান্নুন অনুগামীরা। দেখা যায় ভারত বিরোধী গ্রাফিতি! খবর পেয়েই অভিযানে নামে দিল্লি পুলিশ। তিন জনকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি ভিডিয়ো ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
আরও পড়ুন:
এসএফজের প্রধান পান্নুন শনিবার সমাজমাধ্যমে ঘটনার দায় স্বীকার করেছেন। সেই সঙ্গে দাবি করেছেন, সিঙ্ঘু সীমান্তের দেওয়ালে ওই বিতর্কিত গ্রাফিতি আঁকা হয়েছিল গত ৬ সেপ্টেম্বর। প্রসঙ্গত, কানাডায় আশ্রয় নেওয়া খলিস্তানি নেতা ২০২২ সালে সে দেশে বসবাসকারী হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পর তাঁর চণ্ডীগড়ের বাড়ি এবং অমৃতসরের জমি বাজেয়াপ্ত করেছিল এনআইএ। পঞ্জাবে পান্নুনের বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে। তার মধ্যে তিনটি দেশদ্রোহিতার। এসএফজের বিরুদ্ধে কানাডার পাশাপাশি, আমেরিকা এবং ব্রিটেনে ভারতীয় দূতাবাসে হামলার অভিযোগ রয়েছে।