শিক্ষকের বাড়ি থেকে ফেরার পথে দুই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল হরিয়ানার ফরিদাবাদে। পুলিশ সূত্রে খবর, একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। তার পর ঘটনাস্থল থেকে পালান অভিযুক্তেরা।
অভিযোগ, কিশোরীদের শাসানো হয়, ঘুণাক্ষরেও এই বিষয়টি কেউ যেন টের না পায়। তা হলে খুন করা হবে। পুলিশ সূত্রে খবর, ভয়ে, আতঙ্কে দুই কিশোরী বাড়িতে কিছুই জানায়নি। তারা শিক্ষকের বাড়িতে পড়তে যেতেও রাজি হচ্ছিল না। দুই কিশোরীর পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরেই তাদের আচরণে কেমন যেন অস্বাভাবিকতা ধরা পড়ছিল। এক কিশোরী কয়েক দিন পর বাড়িতে বিষয়টি জানায়। গোটা ঘটনা জানার পরই দুই কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন:
অভিযোগ পাওয়ার পর যুবকদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বাকি এক জন পলাতক। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরী যখন শিক্ষকের বাড়ি থেকে ফিরছিল, তাদের অনুসরণ করছিলেন চার যুবক। পথেই একটি পরিত্যক্ত বাড়ি পড়ে। কিশোরীরা সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যুবকেরা পথ আটকে দাঁড়ান। তার পর খুন করে ফেলার ভয় দেখিয়ে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে দুই কিশোরীকে ধর্ষণ করা হয়।