বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন শিক্ষিকা। তা নিয়ে অশান্তি শুরু হয়। অবশেষে স্কুল ম্যানেজারের বিরুদ্ধে সেই শিক্ষিকাকে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের দেওরিয়ায়। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ধৃতের নাম বিজয় নিশাদ।
পুলিশ সূত্রে খবর, রানি বিশ্বকর্মা নামে এক শিক্ষিকার সঙ্গে স্কুল ম্যানেজার বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিজয় বিবাহিত। দুই সন্তানের বাবা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিক্ষিকার সঙ্গে দীর্ঘ সময় ধরে ঘনিষ্ঠতা ছিল বিজয়ের। সম্প্রতি তাঁকে বিয়ে করার জন্য বিজয়কে চাপ দেওয়া শুরু করেন রানি। কিন্তু বিজয় সেটা মেনে নিতে পারছিলেন না বলে অভিযোগ।
গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৮টায় স্কুলে পৌঁছোন রানি। স্কুলেও বিয়ে নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। রানিকে বোঝানোর চেষ্টা করেন বিজয়। কিন্তু তাতে পরিস্থিতি শান্ত হয়নি। সকাল ৯টা ১৫ মিনিটে স্কুল থেকে শিক্ষিকাকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে যান বিজয়। একটি নির্জন জায়গায় গাড়ি দাঁড় করান। সেখানেও দু’জনের মধ্যে বিয়ে নিয়ে অশান্তি হয়। বিজয় যখন রানিকে বোঝাতে ব্যর্থ হন, তখন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ, গাড়ির ভিতরেই রানিকে শ্বাসরোধ করে খুন করেন। তার পর তাঁর দেহ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘোরেন। সন্ধ্যা হতেই তাঁর দেহ ফেলে দিয়ে আসেন। রাস্তার ধারের জঙ্গল থেকে রানির দেহ উদ্ধার হয়।