রামমন্দিরে প্রণামী চুরির ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) পুনর্গঠন করল উত্তরপ্রদেশ সরকার। তিন সদস্যের এই সিটের প্রধান করা হয়েছে লখনউ রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল কিরণ এস-কে। এত দিন যে সিট তদন্ত চালাচ্ছিল, তারও সদস্য ছিলেন কিরণ। এ বার নবরূপে গঠিত সিটের মাথায় বসানো হল তাঁকে।
নতুন করে সাজানো সিটে কারা থাকছেন, তা প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের ভিত্তিতে ‘হিন্দুস্তান টাইম্স’ জানাচ্ছে, চেয়ারপার্সন হিসেবে নতুন সিটের নেতৃত্বে থাকবেন কিরণ। তাঁর সঙ্গে সিটে রাখা হয়েছে অযোধ্যার ডিআইজি সোমেন বর্মা এবং এসএসপি গৌরব গ্রোভারকে। সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে সিটের নতুন প্যানেলে সম্মতি দিয়েছে।
গত ২০ জুলাই সুপ্রিম কোর্টে শুনানির সময়েই বিশেষ তদন্তকারী দলের বিষয়ে মন্তব্য করে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। চুরির ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা যায় কি না, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তা দেখতে বলে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালতের এই পরামর্শের জবাবে সলিসিটর জেনারেল জানান, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ চুরির ঘটনার তদন্ত করছে। সিটও গঠন করা হয়েছে। সে ক্ষেত্রে যাঁরা এই প্রণামী চুরির বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছিলেন, তাঁদের সিটে অন্তর্ভুক্ত করা যায় কি না, তা বিবেচনা করে দেখতে বলেছিল শীর্ষ আদালত।
আরও পড়ুন:
সোমবার সুপ্রিম কোর্টে রামমন্দির মামলার শুনানি রয়েছে। সেখানে উত্তরপ্রদেশ সরকারের একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা। গত শুনানিতে তদন্তের অগ্রগতি সম্পর্কিত একটি অন্তর্বর্তিকালীন রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সেখানে জানানো হয়, এই ঘটনায় আট জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। চুরি যাওয়া প্রণামীর মধ্যে ৮০ লক্ষ টাকা ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে।