Advertisement
E-Paper

ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দিল পুলিশ, দিনভর আটকে রাখার পর গভীর রাতে মুক্তি গুরুগ্রাম থানার হেফাজত থেকে

সিজেপির তিন প্রধান মুখ অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে শনিবার বিমান থেকে আটক করেছিল দিল্লি পুলিশ। গুরুগ্রাম থেকে আটক করা হয়েছিল ইউটিউবার ধ্রুব রাঠীকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৯:৫৬
বেঙ্গালুরুতে সিজেপির কর্মসূচিতে ইউটিউবার ধ্রুব রাঠী।

বেঙ্গালুরুতে সিজেপির কর্মসূচিতে ইউটিউবার ধ্রুব রাঠী। ছবি: পিটিআই।

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছিল। তার পর থেকে তিনি গুরুগ্রাম পুলিশের হেফাজতেই ছিলেন। গভীর রাতে তাঁকে ছাড়া হয়েছে বলে খবর।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টের মধ্যে কোনও একসময় ধ্রুবকে ছেড়েছে পুলিশ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। ধ্রুব বাড়ি থেকে বেরোনোর আগেই পুলিশ সেখানে পৌঁছে যায়। প্রথমে তাঁকে যন্তর মন্তরে না-যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি রাজি হননি। তার পরেই পুলিশ তাঁকে আটক করে। রাত পর্যন্ত তাঁর কোনও খবর ছিল না। আটক করে তাঁকে কোথায় রাখা হয়েছে, তা-ও জানা যায়নি।

সিজেপির তিন প্রধান মুখ অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে শনিবার বিমানবন্দর থেকে আটক করেছিল দিল্লি পুলিশ। মুম্বই থেকে তাঁদের বিমান দিল্লিতে নামার পর বিমানের ভিতর ঢুকে যান পুলিশকর্মীরা। ভিতর থেকে আটক করে নিয়ে যাওয়া হয় তাঁদের। রাত পর্যন্ত ওই তিন জনেরও কোনও খবর ছিল না। রবিবার সকালে দিল্লি পুলিশের তরফে সিজেপিকে জানানো হয়, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের গ্রেফতার (প্রিভেন্টিভ অ্যারেস্ট) করা হয়েছে। সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তাঁদের হাজির করানো হয়েছে। ধ্রুবের ক্ষেত্রে সেই পদক্ষেপ করেনি পুলিশ।

গ্রেফতারির আশঙ্কা করে আগেই ভিডিয়ো রেকর্ডিংয়ে অজিঙ্ক শিন্দেকে নেতা ঘোষণা করে গিয়েছিলেন সিজেপির আহ্বায়ক তথা প্রতিষ্ঠাতা দীপকে। সেই শিন্দে এখন মুম্বইতে। শিবাজি পার্কে রবিবার বিকেল ৪টে নাগাদ তিনি নতুন প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। অন্য দিকে, দীপকেদের মুক্তি চেয়ে সিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রবিবার নতুন করে যন্তর মন্তরেও অভিযানের ডাক দিয়েছে ককরোচেরা। রাস্তায় দ্বিতীয় দিনেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। তবে দিল্লিতে যান চলাচল রবিবার সকাল থেকে স্বাভাবিক। মেট্রো এবং ট্রেন চলছে।

সংক্ষেপে
  • মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি।
  • সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ।
CJP Cockroach Janta Party Delhi Police Dhruv Rathee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy