Advertisement
E-Paper

ছোট্টসোনার প্রিয় সফ্‌ট টয় ময়লা হয়ে গিয়েছে! তা থেকে শিশুর রোগ ছড়ানোর আগে পরিষ্কার করে ফেলুন

খেলনায় থাকা পেটের ইনফেকশন, এমনকি,ডায়ারিয়াও হতে পারে। এছাড়া এতে আটকে থাকা ভাইরাসের ড্রপলেট থেকে শিশু বারবার ঠান্ডা লাগা ও জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি তো থাকেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৪

ছবি: সংগৃহীত।

প্রিয় সফ‌্‌ট টয়টি হাতে না নিয়ে ঘুমোতেও যায় না সন্তান। অথচ আপনার অলক্ষ্যে সেই খেলনা থেকেই ছড়াতে পারে শিশুর শরীরে সংক্রমণ!

নোংরা সফ্‌ট টয়ে জমতে থাকা ডাস্ট মাইট, ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস শিশুদের অ্যালার্জি, হাঁপানি এবং ত্বকে চুলকানির মতো সমস্যা তৈরি করে। শিশুরা যদি ওই ধরনের খেলনা মুখে দেয়, তবে তা থেকে পেটের ইনফেকশন, এমনকি,ডায়ারিয়াও হতে পারে। এছাড়া এতে আটকে থাকা ভাইরাসের ড্রপলেট থেকে শিশু বারবার ঠান্ডা লাগা ও জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি তো থাকেই। তাই শিশুর স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এবং এসব রোগব্যাধি এড়াতে নিয়মিত সফ্‌ট টয় ধুয়ে জীবাণুমুক্ত রাখা অত্যন্ত জরুরি।

১. হাতেই কাচুন

খুব বেশি নরম বা সহজে ছিঁড়ে যেতে পারে এমন সফ্‌ট টয়ের জন্য এটিই সেরা উপায়। প্রথমে একটি বালতি বা গামলায় হালকা গরম বা সাধারণ জল নিন। তাতে অল্প পরিমাণ শিশুদের উপযোগী ওয়াশিং লিকুইড বা মাইল্ড শ্যাম্পু মিশিয়ে ফেনা তৈরি করুন। সফ্‌ট টয়টি ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। জোরে না কচলে, হাত দিয়ে হালকা চেপে চেপে ময়লা বের করুন। বেশি ময়লা থাকা জায়গায় নরম ব্রাশ বা সুতির কাপড় দিয়ে আলতো করে ঘষুন। এরপর পরিষ্কার জলে ভাল করে ধুয়ে নিন যতক্ষণ না সব সাবান ফেনা বেরিয়ে যায়।

২. মেশিন ওয়াশ

যদি সফ্‌ট টয়টি ওয়াশিং মেশিনে ধোয়ার মতো মজবুত হয়, তবে সফ্‌ট টয়টিকে অবশ্যই একটি লন্ড্রি ব্যাগ বা বালিশের কভারের ভেতরে রেখে মুখটি ভালো করে বেঁধে দিন। এতে মেশিন ঘুরলে খেলনাটির আকার বা সেলাই নষ্ট হবে না। তবে মেশিনের ওয়াশ করলে সাইকেল সেট করুন জেন্টল অথবা ডেলিকেট অথবা হ্যান্ডওয়াশ মোড-এ। ঠান্ডা জল ব্যবহার করুন। সাধারণ ডিটারজেন্টের বদলে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করা ভাল। স্পিন করার সময় গতি যেন খুব কম থাকে, যাতে ভেতরের তুলো একপাশে দলা পাকিয়ে না যায়।

৩. ড্রাই ক্লিন পদ্ধতি

খেলনাটিতে যদি ব্যাটারি/মিউজিক সিস্টেম থাকে বা একদম জল না দিয়ে পরিষ্কার করতে চান। তবে বেকিং সোডা ব্যবহার করুন সফ্‌ট টয়টি একটি প্লাস্টিক ব্যাগে রাখুন। তাতে ২-৩ চামচ বেকিং সোডা ছড়িয়ে দিয়ে ব্যাগের মুখ আটকে ১-২ মিনিট ভালো করে ঝাঁকান। সোডা খেলনার সব ধুলো, ময়লা ও দুর্গন্ধ শুষে নেবে। ১০ মিনিট পর ব্যাগ থেকে বের করে নরম ব্রাশ দিয়ে বা ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে সোডা ঝেড়ে ফেলুন।

তুলতুলে ভাব ফিরিয়ে আনার জন্য

১. কাচার পর জল ঝরানোর জন্য সফ্‌ট টয়টি মোচড়াবেন না। একটি শুকনো তোয়ালেতে পেঁচিয়ে হালকা চেপে বাড়তি জল শুষে নিন।

২. সরাসরি প্রখর রোদে না দিয়ে হাওয়া-বাতাসযুক্ত জায়গায় রোদে শুকাতে দিন।

৩. পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর একটি চিরুনি বা নরম ব্রাশ দিয়ে সফ্‌ট টয়ের লোমগুলো হালকা করে আঁচড়ে দিন। ভেতরের তুলো যদি কোথাও জমে গিয়ে থাকে, তবে হাত দিয়ে হালকা চাপড়ে ও থাপড়ে সব জায়গায় সমান করে দিন।

Washing Tips Toys

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy