Advertisement
E-Paper

৪৮ বছর জল খান না, ধনকুবের মার্কিন বিনিয়োগকারীকে বাঁচিয়ে রেখেছে ‘দেবতাদের অমৃত’! কী সেটি?

কী এই ‘দেবতাদের অমৃত’? কোথায় পাবেন তার সন্ধান, যা খেয়ে ৯৬ বছর বয়সেও তরতাজা রয়েছেন ওই মার্কিন ধনকুবের বিনিয়োগকারী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৭:২৯
warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০১ / ১৬

সেই কোন ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমরা শিখেছি, ‘জলই জীবন’। শিখেছি, একটানা বেশ কিছু দিন খাবার না খেয়েও বেঁচে থাকা যায়। কিন্তু, জল না খেয়ে? নৈব নৈব চ! জল না খেয়ে বা জল পান না করে কারও পক্ষেই বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। প্রশ্ন হল, তা হলে ওয়ারেন বাফেট মহাশয় কোন ‘ধাতু’তে তৈরি? না। আসলে বলতে চাইছি, হতেই পারে, তিনি শত শত কোটি ডলারের মালিক। কিন্তু, তিনিও আমাদের মতোই রক্ত, মাংসে গড়া মানুষই তো। তা হলে তিনি কী ভাবে টানা ৪৮ বছর ধরে এক ফোঁটাও জল গলায় না ঢেলে দিব্যি বেঁচে আছেন?

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০২ / ১৬

শুনে আজগুবি মনে হলেও এই তথ্য কিন্তু ষোলো আনা খাঁটি। ৯৬ বছরের এই ‘তরুণ’ মার্কিন ধনকুবের বিনিয়োগকারী গত প্রায় পাঁচ দশক ধরে এক বারও জলের গ্লাসে চুমুক দেননি। তার পরও দিব্যি তরতাজা রয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১৯৭০-এর দশক থেকেই সরাসরি জলপান একেবারে বন্ধ করে দেন ওয়ারেন বাফেট। বদলে নিজের দৈনন্দিন পান-তালিকায় বিশেষ এক ধরনের পানীয় জুড়ে দেন।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০৩ / ১৬

বাফেটের এই জীবনশৈলী নজর কেড়েছে তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে ঘনিষ্ঠ বন্ধু, পরিচিত মানুষজন এবং অন্য ধনকুবেরদেরও। তেমনই এক জন হলেন বিল অ্যাকম্যান। সম্প্রতি একটি পডকাস্টে বাফেটের এই ব্যতিক্রমী অভ্যাস নিয়ে মুখ খোলেন ধনকুবের ‘হেজ ফান্ড ম্যানেজার’ অ্যাকম্যান। ‘ইক্যুইটি মিট্‌স ইনভেস্টিং’ শীর্ষক ওই সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কথা প্রসঙ্গে ওয়ারেন বাফেটের সঙ্গে তাঁর স্মৃতি রোমন্থন করেন অ্যাকমান। জানান, এক বার এক নৈশভোজের টেবিলে একত্রে বসেছিলেন দুই ধনকুবের। তখনই ঘটে এক আজব ঘটনা।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০৪ / ১৬

খাওয়ার টেবিলে বসে খুব স্বাভাবিক ভাবেই বাফেটকে জল খাওয়ার অনুরোধ করেন অ্যাকম্যান। তিনি এ বিষয়ে বাফেটের পছন্দ জানতে চান। প্রশ্ন করেন, তিনি পানীয় হিসেবে সাধারণ জল নেবেন, না কি তাঁর পছন্দ ঝাঁঝালো ‘স্পার্কলিং ওয়াটার’? এই প্রশ্নের জবাবে অ্যাকম্যানকে অবাক করে দেন বাফেট। সবিনয়ে জানান, এই দু’টির মধ্যে একটিও তিনি গ্রহণ করবেন না। বদলে তিনি কেবলমাত্র সোডা পরিবেশন করতে বলেন। বাফেট সেই সময়েই অ্যাকম্যানকে জানান, তিনি কোনও ধরনের জলই পান করেন না।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০৫ / ১৬

বলা বাহুল্য, এমন উত্তর শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না অ্যাকম্যান। তিনি সঙ্গে সঙ্গে বাফেটকে প্রশ্ন করেন, “আপনি কি জল পান করেন না?” এর জবাবে বাফেট বলেন, “বিল, গত ৪৮ বছর ধরে আমি জল খাইনি।” এই তথ্য আবিষ্কারের পর থেকেই সর্বদা বাফেটের জন্য বিশেষ পানীয়ের বন্দোবস্ত করে রাখতেন অ্যাকম্যান। সংশ্লিষ্ট পডকাস্টে তিনি জানান, এর পর থেকে যখনই বাফেট তাঁর বাড়িতে নৈশভোজ সারতে আসেন, তাঁর জন্য একটি নির্দিষ্ট পানীয় মজুত রাখেন অ্যাকম্যান।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০৬ / ১৬

কী সেই পানীয়? সেটি হল, একটি নামজাদা সংস্থার ঝাঁঝালো শীতল নরম পানীয়। সেই পানীয়ের মধ্যে রয়েছে চেরি ফলের স্বাদ ও সুবাস। খাবারের সঙ্গে সেই পানীয়ই এত বছর ধরে গলাধঃকরণ করে আসছেন বাফেট। তাতেই মিটছে তাঁর শরীরের জলের প্রয়োজনীয়তা।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০৭ / ১৬

তবে, এখানেও আছে টুইস্ট! এই বিশেষ স্বাদের শীতল নরম পানীয় বাছাইয়ের নেপথ্যেও রয়েছে এক মজার ‘ইতিহাস’। সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ডের লেখা ‘দ্য ডিল্স অফ ওয়ারেন বাফেট ভলিউম ২: দ্য মেকিং অফ এ বিলিয়নেয়ার’ বইটি পড়ে দেখতে পারেন। এই বইয়ের তথ্য অনুসারে, দশকের পর দশক ধরে একটি নির্দিষ্ট সংস্থার তৈরি চেরি ফলের স্বাদ ও গন্ধযুক্ত ঝাঁঝালো ঠান্ডা নরম পানীয় পান করতেন তিনি। বাফেট ছিলেন তাদের একনিষ্ঠ গ্রাহক! কিন্তু, তার পর তিনি ‘দলবদল’ করেন।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০৮ / ১৬

পরবর্তী কালে বাফেট সংশ্লিষ্ট নরম পানীয় প্রস্তুতকারী সংস্থাটিরই প্রধান প্রতিদ্বন্দ্বী সংস্থার গ্রাহকে পরিণত হন এবং তাদের তৈরি চেরি ফলের স্বাদযুক্ত ঝাঁঝালো নরম পানীয় পান করা শুরু করেন। সেই থেকে এই ‘নিয়ম’ই পালন করে আসছেন তিনি।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
০৯ / ১৬

প্রশ্ন হল, বাফেটের মতো এমন জাঁদরেল বিনিয়োগকারী ধনকুবেরের পছন্দ বদলাল কী ভাবে? এর নেপথ্যে রয়েছেন তাঁর এক পুরনো দিনের প্রতিবেশী। তিনি, ডন কিউ। তিনি যখন ওমাহায় থাকতেন, তখন তাঁর বাড়ির সামনে রাস্তার উল্টো দিকে থাকতেন বাফেট। কিউ ছিলেন কফির কারবারি।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
১০ / ১৬

সেটি ছিল ১৯৬০ সাল। হঠাৎই এক দিন পড়শি কিউয়ের দুয়ারে টোকা দেন বাফেট। প্রস্তাব দেন, তিনি কিউয়ের সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে চান। এর জন্য কিউকে শুধুমাত্র ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে। বাকিটা বাফেট সামলে নেবেন।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
১১ / ১৬

বাফেটের এই প্রস্তাবে প্রবল কৌতূহল হলেও ঢোঁক গিলে পিছু হঠেন কিউ। তিনি বাফেটের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরবর্তী কালে এক সাক্ষাৎকারে কিউ জানিয়ে ছিলেন, সেই সময় তাঁর পকেটে অত টাকা ছিল না। কিন্তু, তিনি তাঁর বাবার কাছ থেকে ধার নিয়ে, সেই অর্থ বাফেটের হাতে তুলে দিতেই পারতেন।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
১২ / ১৬

অর্থাৎ, উপায় থাকলেও সেই সময় বাফেটের উপর ভরসা করতে পারেননি কিউ। কারণ, বাফেট কোনও প্রথাগত কাজ করতেন না। প্রতি দিনই কিউ তাঁকে সারাটা সকাল বাচ্চাদের সঙ্গে খেলে সময় কাটাতে দেখতেন। এমন এক জনের হাতে ১০ হাজার ডলার তুলে দেওয়ার সাহস ছিল না কিউয়ের। যদিও ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ডের হিসাব অনুসারে, ১৯৬০ সালে ওই অর্থ বিনিয়োগ করলে ২০১৮ সালের মধ্যেই তার পরিমাণ বেড়ে হত প্রায় সাড়ে ন’কোটি ডলার!

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
১৩ / ১৬

এ দিকে, ১৯৬৪ সালে কিউয়ের সংস্থাটি কিনে নেয় একটি নামজাদা নরম পানীয় প্রস্তুতকারী সংস্থা। ১৯৮১ সালে পদোন্নতি পেয়ে সেই গোষ্ঠীরই একটি উঁচু পদে বসেন ডন কিউ। এরও পরে ১৯৮৫ সালে তিনি জানতে পারেন, বাফেট তাঁদের চির-প্রতিদ্বন্দ্বী সংস্থার তৈরি চেরি ফলের স্বাদযুক্ত ঝাঁঝালো পানীয় নিয়মিত পান করেন।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
১৪ / ১৬

এর পরই আসরে নামেন কিউ। তিনি বাফেটকে চিঠি লিখে জানান, তাঁদের সংস্থাও শীঘ্রই একই স্বাদের এবং একই ধরনের পানীয় বাজারে আনতে চলেছে। তার কিছু নমুনা চেখে দেখার জন্য বাফেটকে প্রস্তাব দেন কিউ। বলেন, সেই পানীয়ের স্বাদ নাকি ‘দেবতাদের অমৃত’-এর মতো!

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
১৫ / ১৬

কিউয়ের প্রয়াস চূড়ান্ত সফল হয়। বাফেট শুধু সেই পানীয় চেখেই দেখেন না, তার পর থেকে সেই সংস্থারই সংশ্লিষ্ট পানীয়টি পান করা শুরু করেন। তার আগে তিনি অপর সংস্থাটির পানীয় পান করতেন। এবং ১৯৭০-এর দশক থেকে সেই অপর সংস্থার পানীয়টিই ছিল তাঁর জন্য পানীয় জলের একমাত্র বিকল্প। ৮০-র দশকে এর জায়গা দখল করে কিউয়ের সংস্থার তৈরি নয়া পানীয়।

warren buffett drinks cherry coke instead of water for 48 years says Bill Ackman
১৬ / ১৬

২০১৫ সালে এক সাক্ষাৎকারে বাফেট নিজে বলেছিলেন, তাঁর শরীরের চার ভাগের মধ্যে এক ভাগ জুড়েই রয়েছে সংশ্লিষ্ট সংস্থার তৈরি চেরি ফলের স্বাদযুক্ত নরম পানীয়। তথ্য বলে, তিনি প্রতি দিন ওই পানীয়ের পাঁচটি করে ক্যান (এক একটি প্রায় ৩৫৫ মিলিলিটারের) সাবাড় করে দেন। তাই, তাঁকে আলাদা করে আর জল খেতে হয় না।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy