শুধু আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্স নয়, বেশ কিছু আদিমানবের আবির্ভাব হয়েছিল আফ্রিকাতেই। তার পর তারা ছড়িয়ে পড়ে আফ্রিকার বাইরে। আধুনিক মানুষেরা পৃথিবীতে আসার লক্ষ লক্ষ বছর আগেই আদিমানবেরা ছড়াতে শুরু করেছিল আফ্রিকার বাইরে। কিন্তু সেই ছড়িয়ে পড়ার ব্যাপ্তি কতটা ছিল? বিজ্ঞানীরা এত দিন যা মনে করতেন, তার চেয়েও ব্যাপক ভাবে আদিমানবরা ছড়াতে শুরু করেছিল আফ্রিকার বাইরে।
এত দিন পর্যন্ত আফ্রিকার বাইরে আদিমানবদের অস্তিত্বের প্রাচীনতম প্রমাণ মিলেছিল জর্জিয়ায়। পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এই দেশটির ডমনিসি অঞ্চলে পাওয়া গিয়েছিল পাঁচটি মাথার খুলির জীবাশ্ম। গত বছরের শেষে এক গবেষণায় দেখা গিয়েছিল, সেগুলির বয়স প্রায় ১৮ লক্ষ বছর। এ বার নতুন গবেষণায় দেখা গেল, ইজ়রায়েলের এক প্রত্নতাত্ত্বিক অঞ্চলও জর্জিয়ার ডমনিসির সমসাময়িক। প্রত্নতাত্ত্বিক গবেষণায় বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, ইজ়রায়েলের উবেইদিয়া অঞ্চলে পাওয়া আদিমানবদের প্রস্তর সরঞ্জামগুলি আনুমানিক ১৯ লক্ষ বছরের পুরনো। অর্থাৎ, শুধু ডমনিসিতেই নয়, সেখান থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে উবেইদিয়াতেও প্রায় একই সময়ে আদিমানবেরা বাস করতে শুরু করেছিল।
পৃথিবীতে আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সের আবির্ভাব হয় মাত্র তিন লক্ষ বছর আগে। তারা আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়তে শুরু করে আরও অনেক পরে। মাত্র ৬০-৭০ হাজার বছর আগে (তার আগেও আফ্রিকার বাইরে আধুনিক মানুষের অস্তিত্বের প্রমাণ মিলেছে, তবে তা ব্যাপক আকারে নয়)। কিন্তু আধুনিক মানুষের আবির্ভাবের আগে থেকেও পৃথিবীতে বিভিন্ন মানবপ্রজাতির অস্তিত্ব ছিল। তাদের মধ্যে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাসের মতো কিছু প্রজাতির আবির্ভাব হয়েছিল আফ্রিকাতেই। আদিমানবদের কোন প্রজাতি প্রথম আফ্রিকার বাইরে পা রাখে, তা নিয়ে বিভিন্ন মত রয়েছে বিজ্ঞানীমহলে। তবে সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী, হোমো ইরেক্টাসেরাই প্রথমে আফ্রিকার বাইরে বেরিয়েছিল।
ইজ়রায়েলের উবেইদিয়া প্রত্নতাত্ত্বিক অঞ্চলটি গত বেশ কয়েক দশক ধরেই বিজ্ঞানীদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। কারণ এখানে অ্যাশুলিয়ান (পাথরকে দু’দিক থেকে ঘষে, চেঁছে ধারালো করার পদ্ধতি) প্রস্তর সরঞ্জামের নিদর্শন রয়েছে। আনুমানিক সাড়ে ১৭ লক্ষ বছর আগে আফ্রিকায় প্রথম এই পদ্ধতির বিকাশ ঘটেছিল। উবেইদিয়া অঞ্চলে অ্যাশুলিয়ান পদ্ধতির কুঠার-সহ বিভিন্ন সরঞ্জাম মেলায় বিজ্ঞানীরা নিশ্চিত, এখানে যে মানবপ্রজাতি বাস করত তারা আফ্রিকা থেকেই এসেছিল। তবে তারা কোন সময়ে উবেইদিয়া অঞ্চলে বাস করতে শুরু করেছিল? এত দিন মনে করা হত, আনুমানিক ১২-১৬ লক্ষ বছর আগে আফ্রিকা থেকে সেখানে পৌঁছেছিল আদিমানবেরা। তবে সাম্প্রতিক গবেষণা সেই সময়কালকে আরও কয়েক লক্ষ বছর পিছিয়ে দিল।
আরও পড়ুন:
উবেইদিয়া অঞ্চলের উপর এই নতুন গবেষণার নেতৃত্ব দেন জেরুজ়ালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরি মাতমন, হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমরি বারজিলাই এবং টুলসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিরিয়াম বেলমেকার। তিনটি ভিন্ন পদ্ধতিতে তাঁরা উবেইদিয়া অঞ্চলের বয়স নির্ধারণের চেষ্টা করেন। তাতে দেখা যায়, এলাকাটি অন্তত ১৯ লক্ষ বছরের পুরনো। যা আফ্রিকার বাইরে আদিমানবদের ছড়িয়ে পড়ার সময়রেখাকে উল্লেখযোগ্য ভাবে বদলে দিয়েছে।
এই গবেষণা থেকে ইঙ্গিত মেলে— পিঠোপিঠি সময়ে আদিমানবদের ভিন্ন ভিন্ন গোষ্ঠী বা ভিন্ন প্রজাতি আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়ে থাকতে পারে। কারণ জর্জিয়ার ডমনিসি এবং ইজ়রায়েলের উবেইদিয়া অঞ্চলের নিদর্শনগুলি প্রায় সমসাময়িক হলেও ভিন্ন ধরনের। উবেইদিয়ায় মিলেছে অ্যাশুলিয়ান প্রস্তর সরঞ্জাম। আবার ডমনিসিতে পাওয়া গিয়েছে ওল্ডোয়ান প্রস্তর সরঞ্জাম, যা তুলনামূলক সরল। আনুমানিক ২৬-৩০ লক্ষ বছর আগে এই পদ্ধতি রপ্ত করেছিল আদিমানবেরা। যা আভাস দেয়, প্রস্তর সরঞ্জাম তৈরির ভিন্ন ভিন্ন কৌশল সম্ভবত একই সময়ে আলাদা আলাদা ভাবে আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়েছিল।