Advertisement
E-Paper

ইতিহাসে অনাহত সিংহ! প্রথম ভারতীয় হিসাবে স্কোয়াশে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন দিল্লির মেয়ে, ফাইনালে একতরফা জয়

অনাহত সিংহ আগে চার বার অংশগ্রহণ করেছেন স্কোয়াশের বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে। কোনও বারই প্রত্যাশিত সাফল্য পাননি। ২০২৫ সালে সেমিফাইনালে হেরে যান। বাকি তিন বার কোয়ার্টার ফাইনালের বাঁধা অতিক্রম করতে পারেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১১:৪৮
Picture of Squash

অনাহত সিংহ। ছবি: এক্স।

ইতিহাস গড়লেন অনাহত সিংহ। ভারতের প্রথম খেলোয়াড় হিসাবে স্কোয়াশে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন হলেন অনাহত। কানাডার ওন্টারিয়োয় আয়োজিত বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে ১১-৩, ১১-৭, ১১-৯ ব্যবধানে হারিয়েছেন অনাহত। ১৬ বছর পর অমিশরীয় খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন হলেন তিনি।

জোৎস্না চিনাপ্পার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ফাইনালে উঠেছিলেন অনাহত। ২০০৫ সালে চিনাপ্পা চ্যাম্পিয়ন হতে পারেননি। ২১ বছর পর সেই আক্ষেপ মেটাল অনাহতের র‌্যাকেট। দিল্লির ১৮ বছরের অনাহত ফাইনালের প্রথম থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। প্রথম গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। দ্বিতীয় এবং তৃতীয় গেমে দুই প্রতিপক্ষের মধ্যে কিছুটা লড়াই হলেও অনাহতের দাপটই ছিল বেশি। বিশেষ করে তৃতীয় গেমে এক সময় রুকাইয়া ৮-৬ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু চাপের মুখে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন অনাহত। মিশরের দ্বিতীয় বাছাই প্রতিপক্ষকে আর বিশেষ সুযোগ দেননি। ভারতের দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসাবে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিলেন অনাহত।

এই প্রতিযোগিতায় অনাহত আগেও চার বার অংশগ্রহণ করেছেন। কিন্তু কোনও বারই প্রত্যাশিত সাফল্য পাননি। ২০২৫ সালে সেমিফাইনালে হেরে যান। বাকি তিন বার কোয়ার্টার ফাইনালের বাঁধা অতিক্রম করতে পারেননি। এ বারই ছিল বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয়ের শেষ সুযোগ। তাতেই বাজিমাত করলেন অনাহত।

চ্যাম্পিয়ন হওয়ার পর অনাহত বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার পরও আমার কাছে স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। এই প্রতিযোগিতায় কখনও ভাল ফল করতে পারিনি। প্রতিবারই সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছি। জানতাম এ বারই আমার শেষ সুযোগ। তাই সবটা দিয়ে চেষ্টা করেছিলাম।’’

Anahat Singh champion History

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy