অজিঙ্ক রাহানের অবসরের খবর শুনে অবাক হয়েছিলেন তাঁরা। ভেবেছিলেন, সময়ের আগেই অবসর নিয়ে নিয়েছেন তিনি। তাই রাহানের সঙ্গে যোগাযোগ করেছিলেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা। তাঁদের প্রত্যেককে একই কথা বলেছিলেন রাহানে।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া সাক্ষাৎকারে রাহানে জানিয়েছেন, সকলের আগে তাঁকে ফোন করেছিলেন সচিন। তার পর একে একে বাকিরা যোগাযোগ করেন। তিনি বলেন, “সচিন পাজি সকলের আগে ফোন করেছিল। বলল, আরও খেলতে পারতাম। আমি বললাম, আমার কোনও দুঃখ নেই। তাই আর টেনে নিয়ে যেতে চাই না।”
বাকিদের কথাও জানিয়েছেন রাহানে। তিনি বলেন, “ইরফান, বিরাট, রোহিত, বুমরাহ, পুজারা সকলে মেসেজ করেছিল। সকলকে একটাই কথা বলেছি। আমার কোনও দুঃখ নেই। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। তাই এটাই অবসরের সেরা সময় ছিল।”
আরও পড়ুন:
একটি ভিডিয়োবার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন রাহানে। অবসরের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। রাহানে বলেন, “ভিডিয়োটার পর খুব কেঁদেছিলাম। অবসরের আগে পরিবারের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু ভিডিয়োটা করার পর এতটা আবেগপ্রবণ হয়ে পড়ব ভাবিনি। আসলে এত বছর ধরে যেটা করতে ভালবেসেছি, সেটাই তো আর করতে পারব না। এই সব কথা মাথায় ঘুরছিল।”
দীর্ঘদিন ধরে ভারতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না রাহানে। টেস্ট দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে সাফল্য দিতে পারেননি। সেই কারণেই হয়তো অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ক্রিকেটের সঙ্গেই তিনি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন রাহানে।