Advertisement
E-Paper

কেকেআরের অধিনায়ক এখন ধারাভাষ্যকার! ব্যাটের বদলে হাতে মাইক্রোফোন ধরলেন রাহানে

ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে তাঁর দাপুটে লড়াই এখনও মনে আছে অনেকের। সেই অজিঙ্ক রাহানে আবার ইংল্যান্ডে গিয়েছেন। তবে এ বার ব্যাটের বদলে তাঁর হাতে মাইক্রোফোন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৮:৩৯
cricket

অজিঙ্ক রাহানে। — ফাইল চিত্র।

ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেটে তাঁর দাপুটে লড়াই এখনও চোখে ভাসে অনেকের। ইংরেজ বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন। সেই অজিঙ্ক রাহানে আবার ইংল্যান্ডে গিয়েছেন। তবে এ বার ব্যাটের বদলে তাঁর হাতে থাকবে মাইক্রোফোন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে নতুন জীবন শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তিনি এখনও কেকেআরের অধিনায়ক। কয়েক মাস আগেই আইপিএল খেলেছেন। রাহানে ধারাভাষ্য দেবেন ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায়। ষষ্ঠ বার আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। ছ’টি দলের মালিক ভারতীয় ব্যবসায়ীরা। দলের নামের মধ্যে ভারতীয় ঘরানা রয়েছে।

ধারাভাষ্যকারদের তালিকায় রাহানেই একমাত্র ভারতীয়। তিনি বিশ্বক্রিকেটের একাধিক নামী ব্যক্তিত্বরদের সঙ্গে ধারাভাষ্য দেবেন। সম্প্রতি ‘বিবিসি’-র তরফে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ্যে আনা হয়েছে। প্রচুর ক্রিকেট খেলার সুবাদে ধারাভাষ্যেও তাঁর অগাধ জ্ঞানের প্রমাণ পাওয়া যাবে বলে মনে করছেন সমর্থকেরা।

নিজের নতুন ইনিংস নিয়ে রাহানে বলেছেন, “আরও এক বার গ্রীষ্মকালে ইংল্যান্ডে এলাম। তবে এ বার ব্যাটের বদলে হাতে থাকবে মাইক্রোফোন। বিবিসি-র প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত। দারুণ ক্রিকেট, দুর্দান্ত কথাবার্তা এবং এখানকার মাঠগুলোয় গরমের সকাল কাটানোর অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করার অপেক্ষায় রয়েছি। বাকি প্রতিযোগিতার দিকে তাকিয়ে আছি।”

রাহানের সঙ্গেই ধারাভাষ্য দেবেন মার্ক উড, ইসা গুহ, মাইকেল ভন, অ্যালিস্টার কুক, অ্যালেক্স হার্টলি, ফিল টাফনেল, কার্লোস ব্রাথওয়েট এবং আরও কিছু বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারেরা।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতা। পুরুষদের গত বারের বিজয়ী লন্ডন এবং মহিলাদের গত বারের বিজয়ী লিডস, দুই দলই জিতে শুরু করেছে।

Ajinkya Rahane KKR The Hundred Commentator

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy