গত এপ্রিলে মত্ত হয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সর্বোচ্চ ৯ মাসের কারাবাস হতে পারে। পাশাপাশি বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি থান্ডার দলের নেতৃত্বও হারাতে পারেন।
বুধবার ওয়েভারলি আদালতে হাজির হতে হয়নি ওয়ার্নারকে। তাঁর আইনজীবী ববি হিল জানিয়েছেন, ওয়ার্নার নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। হিলের কথায়, “আপাতত তথ্য জোড়ার কাজ চলছে।”
গত ৫ এপ্রিল সিডনিতে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে ওয়ার্নারের বিরুদ্ধে। তাঁকে দ্বিতীয় পরীক্ষার জন্য মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। দেখা যায়, রক্তে যতটা অ্যালকোহলের সীমা থাকা দরকার, ওয়ার্নারের রক্তে তার দ্বিগুণ রয়েছে।
এর পরেই মে মাসে আদালতে ওয়ার্নারের হয়ে দোষ স্বীকার করেন তাঁর আইনজীবী। তিনি বলেছিলেন, “ওয়ার্নার জানে ও যা করেছে তা ভুল। নিজের ভুল, বোকার মতো সিদ্ধান্ত ও মেনে নিয়েছে। গাড়ি চালানোর বদলে অ্যাপ ক্যাবে আসা উচিত ছিল।”
ওয়ার্নার জানিয়েছিলেন, এক বন্ধুর বাড়িতে গিয়ে মদ্যপান করেছিলেন তিনি। তাঁর আইনজীবী বলেছিলেন, “ইস্টারের দিনে মদ্যপান করায় কোনও অপরাধ নেই। অনেকের মতে, এটা একদম ঠিক কাজ। ওর অপরাধ হল নিজে গাড়ি চালিয়ে আসা।” হিল জানিয়েছিলেন, শেষ বার মদ্যপান করার ঠিক ১১ মিনিট পর পুলিশের হাতে ধরা পড়েন ওয়ার্নার।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আগেই ক্ষমা চেয়েছিলেন। তাতে অবশ্য লাভ হবে না। বাকি নাগরিকদের মতো তাঁকেও শাস্তি পেতে হবে। আগামী ১৮ অগস্ট তাঁর শাস্তি হওয়ার কথা। শোনা যাচ্ছে, ৯ মাস কারাবাস হতে পারে তাঁর।