কয়েক মাস আগেই আইপিএল মাতিয়ে দিয়েছিল সে। তার আগে জিতেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কিন্তু ভারতীয় দলে অভিষেকের পর থেকে সময়টা ভাল যায়নি বৈভব সূর্যবংশীর। তিন ম্যাচ পরেই খারাপ খেলে দল থেকে বাদ পড়তে হয়েছে। জ়িম্বাবোয়ে সফর শুরুর আগেই সেই বৈভব জানিয়েছে, সব স্মৃতি ভুলে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে তৈরি সে।
আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি দলে সুযোগ পায়নি সে। ইংল্যান্ড সফরে তিনটি ম্যাচ খেলেও দাগ কাটতে পারেনি। পঞ্চম ম্যাচে দল থেকে বাদ পড়ে। তবে জ়িম্বাবোয়ে সফরে তিনটি ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে তার।
বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বৈভব বলেছে, “হ্যাঁ, গত চার মাস অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে কেটেছে। তবে এটা ক্রিকেটেরই অংশ। হতেই থাকবে। আমাকে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে দলের জন্য ১০০ শতাংশ দিতে হবে।”
পঞ্চম টি-টোয়েন্টিতে বাদ পড়ার পর বেশ আবেগপ্রবণ দেখিয়েছিল বৈভবকে। তরুণ বয়সে এই চাপ সামলানো কঠিন। তবে বৈভব জানিয়েছে, আশেপাশে যাঁরা রয়েছেন তাঁরাই আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করেছেন।
বৈভবের কথায়, “এটা ঠিকই যে আমি যা চেয়েছি সেটা দেওয়ার জন্য কোচেরা সব সময়ে তৈরি থেকেছেন। যে রকম অনুশীলন চেয়েছি সে রকমই পেয়েছি। খুব ভাল লাগছে। আত্মবিশ্বাসও বেড়েছে।”
ফেব্রুয়ারিতে যে মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিল বৈভব, সেই মাঠেই নামতে চলেছে সে। ফাইনালে ১৭৫ রান করেছিল বৈভব। তাঁর কথায়, “খুব স্মরণীয় একটা মাঠ। চার আগে এখানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জিতেছিলাম। তাই এটা আমার কাছে খুব বিশেষ মাঠ। ভারতের হয়ে খেলা সকলের স্বপ্ন। এই মুহূর্তটাও খুব ভাল লাগছে। চার মাস আগে আমরা এই মাঠেই ইতিহাস গড়েছিলাম। সেই মাঠে আবার খেলতে নামার অভিজ্ঞতা ভোলার নয়। সময়টা খুবই উপভোগ করছি।”
আরও পড়ুন:
বৈভব জানিয়েছে, সুযোগ পেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পেতে চাইবে সে। তার কথায়, “এখানকার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে ভাল ধারণা আছে আমার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে গিয়েছি কয়েক মাস আগে। সেই প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা এ বারও কাজে লাগাতে চাই। যা অনুশীলন করেছি সেটাতেই জোর দিতে চাই। দলের হয়ে যে কোনও রকম অবদান রাখতে তাই। এই মাঠে দুটো ম্যাচেই ভাল খেলেছি। সেই ছন্দ ধরে রাখতে হবে।”