Advertisement
E-Paper

নিজেই দায়িত্ব ছাড়ার কথা বোর্ডকে জানিয়ে দিলেন আগরকর, প্রধান নির্বাচক খোঁজার তোড়জোড় শুরু কর্তাদের

প্রধান নির্বাচক অজিত আগরকর নিজেই বোর্ডকর্তাদের জানিয়ে দিয়েছেন যে দায়িত্ব ছাড়তে চান। বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। বোর্ডকর্তারা নতুন প্রধান নির্বাচক খোঁজার কাজও শুরু করে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৮
cricket

অজিত আগরকর। — ফাইল চিত্র।

প্রধান নির্বাচক পদে আর থাকতে চাইছেন না অজিত আগরকর। তিনি নিজেই বোর্ডকর্তাদের জানিয়ে দিয়েছেন যে দায়িত্ব ছাড়তে চান। শুক্রবার মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। যা ইঙ্গিত, তাতে বোর্ডকর্তারা নতুন প্রধান নির্বাচক খোঁজার কাজও শুরু করে দিয়েছেন।

আগামী ৪ অক্টোবর আগরকরের মেয়াদ শেষ হয়েছে। তবে রোহিত শর্মার নির্বাচন নিয়ে বিতর্ক এবং সাম্প্রতিক পরিস্থিতির জেরে আগরকর ঠিক করেছেন, আর দায়িত্বে থাকবেন না। নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন বোর্ডকে। আনুষ্ঠানিক ভাবে না বললেও একাধিক বোর্ডকর্তা স্বীকার করেছেন, আগরকরের বদলি খোঁজা শুরু হয়ে গিয়েছে। এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেল।

যদিও আগরকরকে নিয়ে এ দিন স্পষ্ট কথা বলেননি বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেন, “আজ আগরকরকে নিয়ে কোনও আলোচনা হয়নি। এখনও ১৫ দিন বাকি আছে। আমার মতে, ১৫ দিন ক্রিকেটের জন্য লম্বা সময়। সঠিক সময়েই আমরা সিদ্ধান্ত নেব এবং আপনাদের সকলকে জানিয়ে দেব।”

২০২৩-এর জুলাইয়ে প্রধান নির্বাচক হন আগরকর। দায়িত্বকালে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। হার্দিক পাণ্ড্যকে সরিয়ে সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টির অধিনায়ক করার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল। একই ভাবে এক দিনের ক্রিকেটে রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও প্রধান ভূমিকা ছিল। তেমনই এ বছর শ্রেয়স আয়ারকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে তাঁর ইচ্ছাতেই।

তবে বিতর্কও রয়েছে। সম্প্রতি ভারতের দল পরিচালন সমিতির সঙ্গে নির্বাচক কমিটির খটাখটি লেগেছে। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে ক্রিকেটারদের চোট নিয়ন্ত্রণ নিয়েও বিতর্ক হয়েছে। রোহিতের অবসর নিয়ে প্রধান নির্বাচকের কথারই উল্টো সুর গেয়েছেন বোর্ড সচিব। ফলে আগরকর যে পদে থাকবেন না এটা আগেই বোঝা গিয়েছিল।

আগরকর সরে গেলেও এখনই প্রধান নির্বাচক পদে কাউকে আনা যাবে না। নিয়ম মতো আগে বিজ্ঞাপন দিতে হবে। এর পর বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার নিতে হবে। ফলে সময় লাগবে। পার্থিবের পাশাপাশি দৌড়ে রয়েছেন জ়াহির খানও।

Ajit Agarkar BCCI Devajit Saikia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy